
শেষ আপডেট: 9 April 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৭ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য। এভাবে সরকারি স্কুলে ছুটির সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় আখেরে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষক সংগঠনের।
তাঁদের বক্তব্য, বেসরকারি স্কুলগুলি কিন্তু এত ঘন ঘন ছুটি দেয় না। ফলে সিলেবাস শেষ করা-সহ পড়ুয়াদের সামগ্রিক অগ্রগতির দিক থেকেও সরকারি স্কুলগুলি ক্রমেই পিছিয়ে পড়ছে বলে মনে করছে এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "প্রতিবারই গরমের ছুটি ১০ দিন থেকে প্রথম বাড়িয়ে ১ মাস করা হয়। পরে গরম আরও বাড়লে সেই ছুটি আরও ১ মাস বাড়িয়ে দেওয়া হয়। ৫২টা সপ্তাহে ৫২টা রবিবার। তার ওপর গরমের ১০ দিনের ছুটি ধরে বিভিন্ন অনুষ্ঠানে সরকারি স্কুলগুলির ৬৫ দিন ছুটি থাকে। হিসেব করে দেখলে তো ২০০ দিনও ক্লাস হয় না। তাহলে বেসরকারি স্কুলের সঙ্গে সরকারি স্কুলের পড়ুয়ারা পাল্লা দেবে কী করে?"
এ ব্যাপারে শিক্ষা দফতরের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। গরমের কারণে চলতি বছরে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষকরা বলছেন, ওই সময় রাজ্য জুড়ে তীব্র গরম থাকে। ফলে বিগত কয়েক বছরের মতো এবারেও গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তে পারে।
চন্দনবাবু বলেন, "স্কুলছুটির ৬৫ দিনের ক্যালেন্ডারের মধ্যে কিন্তু রামনবমীর উল্লেখ নেই। এভাবে অতিরিক্ত ছুটি দিয়ে পঠনপাঠনের ক্ষতি করে সরকার কাদের স্বার্থ রক্ষা করতে চাইছে? অবিলম্বে এই খামখেয়ালিপনা বন্ধ হওয়া উচিত।"