
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 27 December 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে সবার আগে দ্য ওয়ালে এই খবর প্রকাশিত হয়েছিল।
শুক্রবার সন্ধেয় এই খবরের 'সত্যতা' স্বীকারও করে নিয়েছেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে তাহলে ফিরহাদের জায়গায় কাকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী।
প্রথমে শোনা গিয়েছিল, অন্য কেউ নয়, খোদ মুখ্যমন্ত্রীই দায়িত্ব নেবেন হিডকোর। তবে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘাড়ে রয়েছে পুলিশ, স্বাস্থ্য-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতর। দলেরও সর্বময় নেত্রী তিনিই। এই পরিস্থিতিতে হিডকোর দায়িত্ব নিজের হাতে রাখতে চাইছেন না মমতা।
জানা যাচ্ছে, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় এক নম্বরে নাম রয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আলোচনায় উঠে আসছে রাজ্যের এক প্রাক্তন আমলার নামও। তবে শেষ পর্যন্ত চন্দ্রিমাকেই হিডকোর গুরু দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, "গুঞ্জনের তো কিছু নেই। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন। উনিই আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন।"
কিন্তু হঠাৎ বদল কেন? ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, সম্প্রতি ফিরহাদ যে সংখ্যালঘু বক্তব্য করেছেন তারই হয়তো প্রভাব। কারণ, দিঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা হিডকোর অধীনে। আর সেই কারণেই ফিরহাদকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই হয়তো হিডকোর পদ থেকে ফিরহাদকে সরিয়ে দেওয়া হল।
বাম জমানায় হিডকো আবাসন দফতরের অধীনে ছিল। সিপিএমের গৌতম দেব আবাসনমন্ত্রী হিসেবে দীর্ঘ দিন হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন।পালাবদলের পর মমতার মন্ত্রিসভার গোড়া থেকেই হিডকোকে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে আনা হয়েছিল। এবার তাতে বদল আসতে চলেছে।