
শেষ আপডেট: 10 March 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া পর এবার আবাস যোজনার বাড়ির টাকাও দেবে রাজ্য। রবিবাসরীয় ব্রিগেড থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, "২ বছর ধরে আবাসের বাড়ির টাকা দেয়নি। স্কুটিনি করার পরও দেয়নি। ১ মের মধ্যে আবাসের টাকা কেন্দ্র না দিলে আমরা দেব, আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য ওই টাকা দেওয়া হবে। ব্রিগেডের মঞ্চ থেকে আমি এই ঘোষণা করে যাচ্ছি। "
এর আগে গত ৩ ফেব্রুয়ারি ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলার ২১ লক্ষ শ্রমিক যারা ১০০ দিনের টাকা পাননি, তাঁদের বকেয়া মেটাবে রাজ্য। সার্ভে করতে গিয়ে অবশ্য দেখা যায়, ১০০ দিনের প্রকল্পে শ্রমিকের সংখ্যা ২১ লক্ষ নয়, প্রায় ৫৯ লক্ষ।
মমতার কথায়, "প্রথমে ভেবেছিলাম ২১ লাখ। সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখল ৫৯ লাখ লোক। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা গত সপ্তাহে ওদের টাকা মিটিয়ে দিয়েছি। কেন্দ্র টাকা দিচ্ছে না, এদিকে মিথ্যে বলে বেড়াচ্ছে টাকা দিয়ে দিয়েছেন।"
মোদীকে কটাক্ষ করে মমতার প্রশ্ন, "কী মোদীবাবু, টাকা না দিয়েই বলছেন, খেয়ে ফেলেছেন। তাহলে দিলে কী বলতেন!"
নিজস্ব ঢঙে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ওদের ধার ধারি না, নিজেরাই বাংলার মানুষের চাহিদা মেটাব।"
এরপরই জনতার উদ্দেশে মমতার আর্জি, "কিন্ত সেই লড়াই করতে গেলে তো শক্তি প্রয়োজন। সেই শক্তিটা পেতে গেলে তো আপনাদের আর্শীবাদ দরকার। আপনারা সেই শক্তি না দিলে আমরা লড়ব কীভাবে? বিজেপি গতবারে ১৮টা আসনে জিতেছিল। বিধানসভায়ও কিছু আসনে জিতেছিল। কোনও কাজ করেনি। উল্টে দিল্লিতে গিয়ে বলে আসছে টাকা না দিতে। এরপরও কী ওদের ভোট দেবেন?"
পর্যবেক্ষকদের অনেকের মতে, দক্ষ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করার পাশাপাশি মানুষ কেন তৃণমূলকেই ভোট দেবে, সুকৌশলে এদিনের মঞ্চ থেকে তারও ব্যাখ্যা দিয়েছেন।
তৃণমূল নেত্রী বলেন, "ওরা নাই বা দিল টাকা, মানুষ সঙ্গে থাকলে বাংলার সব কাজ করতে পারবে তৃণমূল। গঙ্গাসাগর সেতু থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, সব আমরাই করব রাজ্যের টাকায়।"
নাম না করে সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন, "কেউটে সাপের চেয়েও ভয়ঙ্কর, গোখরোর থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসে বিচারের নামে চাকরি খেয়েছে। এবার জনগণ ওঁর বিচার করবে।"