
কুণাল ঘোষ ও সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 27 August 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের অভিযোগে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ ডেকেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বিকেলে বনধের ঘোষণা করার ১ মিনিটের মধ্যে টুইট করে বনধ ব্যর্থ করার আহ্বান জানাল তৃণমূল।
তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন, ছাত্র সমাজের নাম করে বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাই এই বনধকে ব্যর্থ করতে জনজীবন স্বাভাবিক রাখার আর্জি রেখেছেন কুণাল।
28/8 বিজেপির বাংলা বনধ ব্যর্থ করুন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 27, 2024
সবাই দেখেছেন, আজ বিজেপির গুন্ডারাই হামলা, ব্যারিকেড ভাঙা, পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ জখম। তবু সংযত।
ওরাই গোলমাল করেছে। ওরাই অচলাবস্থা জন্য বনধ ডাকছে।
এই বনধ ব্যর্থ করুন। জনজীবন স্বাভাবিক রাখুন।
কুণালের কথায়, "এটা ছাত্র সমাজের কর্মসূচি ছিল না। এটা বিজেপির সমাজ বিরোধীদের কর্মসূচি। ওদের মুখোশ খুলে গেছে। তাই এই বনধকে বাংলার মানুষ ব্যর্থ করবেই।"
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণও খুন কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বিজেপির অভিযোগ, ছাত্র সমাজের স্বতস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়েছে তৃণমূল। তাই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছে। এরই প্রতিবাদে আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।
অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল বলেন, মানুষ সবই দেখেছেন। সকাল থেকে পুলিশ কর্মীরা বারে বারে আক্রান্ত হয়েছেন। তবু আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে গেছেন। কুণালের আরও প্রশ্ন, "আন্দোলনের নামে গুন্ডামি করা হল। কোথায় পড়ুয়া? অধিকাংশই তো মাঝবয়সী। জাতীয় পতাকা হাতে নিয়ে অশান্তি তৈরির এই প্রচেষ্টা বাংলার মানুষ বরদাস্ত করবে না।"
কুণালের অভিযোগ, বিজেপির চক্রান্ত ভেস্তে গেছে। তাই ফের বাংলা বনধ ডেকে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।