
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 May 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে থাকাকালীনই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ফাইল প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাপস রায়। বুধবার তাপস ইস্যুতে তৃণমূল কুণালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার কিছু পরেই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে বড় প্রশ্ন তুললেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
তাপস রায়ের প্রশ্ন, "তাহলে কি রাজনৈতিক সৌজন্য বলে আর কিছু বাকি রইল না?"
শুধু এখানেই না থেমে কুণালের পাশে দাঁড়িয়ে তাপসের আরও প্রশ্ন, "আমি বুঝতে পারি না, যে লোকটা বছরের পর বছর দল বিরোধী কার্যকলাপ করে গেলেন, যে লোকটা ৬ বছরের জন্য দল ছেড়েছিলেন এবং বলেছিলেন- তৃণমূল ৬ মাসও টিকবে না, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করলেই তৃণমূল কেন পদক্ষেপ করে?"
তাপস বোঝাতে চেয়েছেন, সুদীপের কারণেই তৃণমূল কুণালকে দলের পদ থেকে সরাল।
এই প্রসঙ্গে নিজের অতীত অভিজ্ঞতার কথাও টেনে এনেছেন তাপস। ক্ষোভের সুরে বলেন, "উত্তর কলকাতার অলিতে গলিতে সুদীপের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আমিও তো কত কাল ধরে বলেছি। কোনও কাজ হয়নি।"
মনে করিয়েছেন, "কুণাল যখন জেলে ছিল, তখন প্রতিদিন পার্টি অফিসে এসে ওর কথা বলে খ্যাক খ্যাক করে হাসতেন সুদীপ।"
ঘটনার সূ্ত্রপাত, বুধবার কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডের আমহার্স্ট স্ট্রিট এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক মঞ্চে দেখা যায় তাপস-কুণালকে।
সেখানে বিজেপি প্রার্থী তাপসের দরাজ প্রশংসা করে কুণাল বলেন, "তাপস রায় একজন দক্ষ সংগঠক এবং দায়িত্ববান জননেতা। মানুষের জন্য সবসময় ওর দরজা খোলা থাকে, উনি সর্বক্ষণ মানুষের আপদে বিপদে পাশে থাকেন।" কুণাল এও বলেন, "একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে নিজের সিদ্ধান্ত নিতে দিন।" তাপসও বলেন, "কুণাল খুব ভাল ছেলে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি।"
কাকতালীয়ভাবে মঞ্চে দাঁড়িয়ে কুণাল যখন তাপসের প্রশংসা করছিলেন, ঠিক তখনই ওই এলাকা দিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি মিছিলও যেতে দেখা যায়।
এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কুণাল যেভাবে ছাপ্পা ভোটের বিরুদ্ধে ওই সভা থেকে সরব হয়েছিলেন, তা নিয়েও দলের অন্দরে প্রশ্ন ওঠে। তারপরই বিকেলে দলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের কথা ঘোষণা করা হয়।