
শেষ আপডেট: 12 January 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোর থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিকেল পর্যন্ত এই অভিযান চলছে।
স্বভাবতই, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে রাজনৈতিক বাক-যুদ্ধে জড়িয়েছে শাসক-বিরোধী। তৃণমূলের তরফে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন কুণাল ঘোষেরা। পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, "তথ্য পেয়েছে বলেই পূণ্য দিনে পূণ্য কাজ করতে বেরিয়েছে ইডি, ব্যাগ গোছানো শুরু করুন, শীতের জিনিসও রাখবেন।"
যার জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলিঘোষ দস্তিদার। এদিন হাবরায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কাকলি।
সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, "উনি কি দেশের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পেয়েছেন নাকি?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, "একটা দেশের আইন আছে, একটা সরকার আছে, দেশের এজেন্সিগুলো স্বরাষ্ট্র দফতরের অধীনে রয়েছে। উনি কবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আমার জানা নেই।"
একই সঙ্গে শুভেন্দু প্রসঙ্গে তাঁর প্রশ্ন, "ওনার কাছে নথি থাকল কী করে সেটাই তো প্রশ্ন!" এজেন্সির অভিযান প্রসঙ্গে কাকলি বলেন, "কেন্দ্রীয় সরকার যখন বুঝে গেছে হারবে, তখন থেকেই এইসব সক্রিয়তা শুরু করেছে।"
এদিন শুভেন্দুকে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, "সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না। সারদা, নারদায় তো শুভেন্দু অভিযুক্ত। আসলে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারছে না, তাই কখনও সিবিআই, কখনও এনআইএ কখনও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।""