
শেষ আপডেট: 13 October 2023 19:18
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পরীক্ষা দেওয়া হল না। স্কুলের পথে কচুরিপানার দামে আটকে গেল ভুটভুটি। সকাল থেকে সন্ধে ছাড়ি গঙ্গায় ভুটভুটিতেই দিন কাটল তাদের। এই ঘটনায় তুমুল আলোড়ন শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের চরপানপাড়ায়। স্থানীয়রা উদ্ধারকাজে নামলেও সফল হননি। শেষপর্যন্ত এনডিআরএফের দল মোটর বোটটিকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে। ভুটভুটিতে আটকে পড়েছিল বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গ্রামবাসীরা।
বাগআঁচড়া পঞ্চায়েতের চরপানপাড়া, ক্ষৌণিশনগর, কলডাঙা গ্রামে বসবাস করেন প্রায় ৩ হাজার মানুষ। ওই গ্রামগুলি থেকে নানা কাজে প্রতিদিনই শান্তিপুর বেলের মাঠের দিকে যেতে হয় তাঁদের। সাইকেল অথবা অন্য কোনও যানবাহনে যেতে হলে প্রায় ১২ কিলোমিটার পথ ঘুরতে হয়। এই পথ বাঁচাতে ভাগীরথী নদীর ছাড়িগঙ্গা দিয়ে ভুটভুটি নৌকা করে পারাপার করেন স্থানীয়রা। গত কয়েক মাস ধরে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ছাড়িগঙ্গা। যন্ত্রচালিত ভুটভুটি নিয়ে যাতায়াত দুঃসাধ্য হয়ে উঠেছে। তা সত্ত্বেও দূরত্ব ও সময় দুইই বাঁচাতে গ্রামবাসীরা চরপানপাড়া থেকে বেলেমাঠ পর্যন্ত এই ফেরিঘাটকেই ব্যবহার করে আসছেন।
শুক্রবার সকাল ১০ টা নাগাদ চরপানপাড়া থেকে বেলের মাঠের দিকে যাওয়া একটি যন্ত্রচালিত ভুটভুটি নৌকা কচুরিপানায় আটকে যায়। বিষয়টি বুঝতে পারার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু সফল হননি। খবর পেয়ে দুপুরের পর উদ্ধার কাজে হাত লাগায় এনডিআরএফ-এর একটি প্রতিনিধিদল। বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে, এই কচুরিপানার জন্য তারা স্কুলে আসতে পারছে না। বেশিরভাগ পড়ুয়া স্কুলে যাচ্ছেও না। কিন্তু পরীক্ষা থাকলে না গিয়ে উপায়ও নেই। চলতি বছরের ১৭ অগস্ট একই রকম ভাবে একটি যন্ত্রচালিত ভুটভুটি নৌকা আটকে পড়ে। সেই সময় এনডিআরএফের কর্মীরা ৬ ঘণ্টার চেষ্টায় নৌকাটিকে ঘাটে ফিরিয়ে আনে। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গ্রামবাসীদের দাবি, স্থায়ীভাবে ব্রিজ তৈরি না হলে এই সমস্যার সমাধান হবে না।