
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
শেষ আপডেট: 21 February 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: মালদহ যেন রয়েছে মালদহেই।
বছরের শুরুতে মালদহে খুন হয়েছিলেন তৃণমূলের দুই নেতা। তার কিছুদিন পরে রাতের বেলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। এবার হুমকি ফোন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
ইতিমধ্যে পুলিশে অভিযোগও জানিয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ। তাঁর ভিত্তিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতির নিরাপত্তাও বাড়িয়েছে জেলা পুলিশ। তবে ফের হুমকি ফোন কাণ্ড সামনে আসায় জেলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান জানান, বুধবার সন্ধেয় মোবাইলে একটা মেসেজ এসেছিল। সেটা না দেখায় পরের দিন একটি অচেনা নম্বর থেকে ফোন আসে।
কৃষ্ণেন্দুনারায়ণের ডাক নাম কিষাণ। তিনি বলেন, "টেলিফোনের অপরপ্রান্ত থেকে আমার ডাক নামে ডেকে কথা বলা হয়। ভাবি পরিচিত কেউ। নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি হিন্দিতে বলেন, '২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।' অর্থাৎ টাকা না দিলে আমাকে এবং আমার পরিবারকে খুন করবে!"
ফোনের পরও একাধিক মেসেজেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে পিছু ধাওয়া করে খুন করেছিল দুষ্কৃতীরা। তারপরে খুন হন তৃণমূলের এক অঞ্চল সভাপতি। বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতেও হামলার চেষ্টা হয়। এবার হুমকি ফোন পেলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী।