
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শেষ আপডেট: 14 May 2024 22:29
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উপাচার্য নিয়োগ নিয়ে কাটতে চলেছে জট! সূত্রের খবর, আগামী তিনদিনের মধ্যে রাজ্যের ২১টি বিশ্ব বিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল। আগামী শুক্রবারের মধ্যে রাজ্যপালকে এব্যাপারে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
জানা যাচ্ছে, এ ব্যাপারে রাজ্য শিক্ষা দফতরের পাঠানো উপাচার্যদের তালিকাকেই অনুমোদন দিতে চলেছেন রাজ্যপাল। যদিও এ ব্যাপারে এখনও রাজভবন থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
তবে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগের মাঝে রাজ্যের সিদ্ধান্তে রাজ্যপাল শেষ পর্যন্ত সম্মতি জানালে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, উপাচার্য নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছিল। তারই প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, বাংলার ৩১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা চলছিল। রাজ্য় বনাম রাজ্য়পালের দড়ি টানাটানির জল গড়িয়েছে শীর্ষ আদালতেও। জটিলতা কাটাতে মধ্যস্থতায় নামেন দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। তিনি কলকাতায় গিয়ে সম্প্রতি রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন।
এরপরই শীর্ষ আদালতের নির্দেশে ১০টি বিশ্ব বিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। বাকিগুলিতেও এবার নিয়োগ জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।