
শেষ আপডেট: 28 February 2024 19:50
শিলিগুড়ি: পাশ করেছেন মাত্র ১০ শতাংশ পরীক্ষার্থী। বাকি ৯০ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন! বলা ভাল, গণফেল! ঘটনাটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের।
বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৯ টি কলেজের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানেই সামনে উঠে এসেছে পরীক্ষার্থীদের গণফেলের এই ঘটনা। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে উত্তরবঙ্গের শিক্ষামহলে। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। একসঙ্গে কীভাবে এত পড়ুয়া ফেল করলেন সেই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা।
তাঁদের অভিযোগ, টাকা রোজগারের জন্যই পরিকল্পিতভাবে ৯০ শতাংশ পরীক্ষার্থীকেই ফেল করানো হয়েছে। একই সঙ্গে তাদের আরও অভিযোগ, সিলেবাস সম্পূর্ণ হওয়ার আগেই পরীক্ষা হওয়ায় এই বিপর্যয়।
তবে সেমেস্টারের এই পাশ ফেলের সঙ্গে পরীক্ষার্থীদের পরের পরীক্ষায় বসতে কোনও বাধা নেই। তবে সংশ্লিষ্ট পেপারে ফের পরীক্ষা দিতে হবে অকৃতকার্যদের। খাতা পুনর্মূল্যায়নের জন্য ফি বাবদ ১০০ টাকা ধার্য করেছে কর্তৃপক্ষ।
এখানেই টাকা রোজগারের ফন্দি দেখছেন আন্দোলনকারীরা। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অকৃতকার্য পড়ুয়ারা। তবে এ ব্যাপারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।