
অর্জুন সিং।
শেষ আপডেট: 27 March 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাত থেকে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara bomb-shooting case)। রাতের অন্ধকারে কে বা কারা ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চালিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় অর্জুনকেই এদিন সকালে তলব করে পুলিশ।
যদিও পুলিশি তলবে সাড়া না দিয়ে থানার বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন অর্জুন সিং (Arjun Singh)। বিজেপি নেতার কথায়, "পুলিশের সামনেই বোমা গুলি চলল! অথচ পুলিশ আমাকেই নোটিস পাঠাচ্ছে। তাই পুলিশের তলবে সাড়া দিলাম না!"
একই সঙ্গে অর্জুনের দাবি, এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনা হোক। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে। বিজেপি নেতার অভিযোগ, "পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই শাসকদলের দুষ্কৃতীদের আড়াল করতে ওরা সিসিটিভি প্রকাশ্যে না এনে আমাকে তলব করছে।"
এ ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বুধবার রাতের গুলি কাণ্ডে অর্জুন সিংকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ এনে সোমনাথ বলেন, "যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাঁকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তাঁরা পরিস্থিতি সামাল দেন।"
একটা সময় মুড়ি মুড়কির মতো বোমা-গুলি পড়ত ভাটপাড়ায়। মাঝে কিছুদিন অবশ্য এলাকা শান্ত ছিল। বুধবার রাতের বোমা-গুলি কাণ্ডে নতুন করে উত্তপ্ত এলাকা। ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় বাসিন্দারা।