.webp)
বাড়তে পারে মোবাইল বিলের শুল্ক।
শেষ আপডেট: 14 May 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: শহর এবং গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের জীবনে এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে মোবাইল ফোন। দ্রব্যমূল্যবৃদ্ধির বাজারে মোবাইলের বিল এতদিন সকলের আয়ত্তের মধ্যেই ছিল।
তবে অদূর ভবিষ্যতে মোবাইলের বিলের শুল্ক বাড়াতে চলেছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি। সূত্রের খবর, এক ধাক্কায় এই শুল্ক বাড়তে পারে ২৫ শতাংশ।
ব্রোকারেজ ফার্ম, ‘অ্যাক্সিস ক্যাপিটালে’র সাম্প্রতিকতম প্রতিবেদন সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুল্কবৃদ্ধির কারণ কী? ‘অ্যাক্সিস ক্যাপিটালে’র সাম্প্রতিকতম প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি সব টেলিকম সংস্থায় গ্রাহকদের সুবিধার্থে ৫জি পরিষেবা চালু করেছে। এতে প্রতিটি সংস্থাকে বিপুল পরিমাণ বিনোয়োগ করতে হয়েছে। ওই টাকা তুলতেই এবার মোবাইল বিলের শুল্ক বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে টেলিকম সংস্থাগুলি।
জানা যাচ্ছে, ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে তিনবার মোবাইল বিলের শুল্ক বৃদ্ধি করেছিল টেলিকম সংস্থাগুলি। তবে গত বছরের সেপ্টেম্বরের পর ৫ জি পরিষেবা সংক্রান্ত কারণে টেলিকম সংস্থাগুলির বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে। সে কারণেই মোবাইল বিলের শুল্ক বৃদ্ধি করা হবে।
এই মুহূর্তে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হল মোবাইল ফোন। শুধু ফোনের মাধ্যমে কথা বলা নয়, ভিডিও কল থেকে শুরু করে অনলাইনে যাবতীয় কাজকর্মও সারা যায়। এই অবস্থায় মোবাইল বিলের ওপর ২৫ শতাংশ শুল্ক চড়লেও গ্রাহক সংখ্যার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে টেলিকম সংস্থাগুলি।
তাঁদের মতে, গত কয়েক বছরে যেভাবে সবকিছুর মূল্যবৃদ্ধি ঘটেছে সেই তুলনায় মোবাইল বিলের বিশেষ কোনও মূল্যবৃদ্ধি হয়নি। বরং আগের চেয়ে উন্নত পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা।