
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 February 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: আজ বৃহস্পতিবার থেকে রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের একাংশে মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা আগেই ঘোষণা করেছিল মেট্রো রেল। তারই মধ্যে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে সংশ্লিষ্ট রুটের মেট্রো যাত্রীদের।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে এদিন বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টা খানেকের বৃষ্টিতে শহরের বহু এলাকায় জম জমেছে। এদিকে একাংশে মেট্রো বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটে বাস, ট্যাক্সির ওপর চাপ বেড়েছে।
মেট্রোর তরফে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, আজ বৃহস্পতিবার থেকে রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা করা হচ্ছে। বলা হয়েছে, এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা যেমন কমবে তেমনই অতিরিক্ত গতি বাড়ানোর আশঙ্কাও থাকবে না।
এদিকে এই রুটে যারা যাতায়াত করেন তারা মূলত অফিস যাত্রী। তাই মেট্রো বন্ধ থাকার কারণে এদিন থেকেই বাস থেকে শুরু করে ট্যাক্সি, রাস্তায় বাস যাত্রীদের ভিড় বেড়েছে। তারই মধ্যে বৃষ্টির জেরে দুর্ভোগ আরও বেড়েছে।
সূত্রের দাবি, আগামী মাসে অর্থাৎ মার্চেও একইভাবে চারদিন করে দু’দফায় মোট আটদিনের সংশ্লিষ্ট রুটে মেট্রোর মহড়া চলবে, যে কারণে ট্রেন পরিষেবাও বন্ধ থাকবে সংশ্লিষ্ট মেট্রো রুটে।