
শেষ আপডেট: 11 January 2024 20:35
দ্য ওয়াল ব্যুরো: আদালতের ভিতরে ও বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছেন, তাতে চলতি তদন্ত প্রভাবিত হতে পারে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে বুধবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে অভিষেক বলেছেন, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ওই বিচারপতিকে বিরত করা হোক।
এ প্রসঙ্গে বুঝবার সন্ধেয় তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “যাক না। যে কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারেন।” বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “কেউ বলতেই পারেন, আমাকে চাঁদ পেড়ে এনে দাও। তা হবে কিনা দেখা যাক না।”
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। হাইকোর্টের এক বিচারপতি আদালতের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে নানা মন্তব্য করছেন। এ বিষয়ে আপনার কী বক্তব্য?
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিচারব্যবস্থা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমাকে এ সব প্রশ্ন করবেন না।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি আমার লক্ষণরেখা জানি। আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না।’’
মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংশ্লিষ্ট মহলের মতে, নিজের লক্ষ্মণরেখার কথা বলে বাকিদের উদ্দেশে লক্ষ্মণরেখা মেনে চলার বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি অভিষেকের সম্পত্তির পরিমাণ জানতে চেয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। এমনকী সন্দেশখালিতে গ্রামবাসীদের হাতে ইডি অফিসাররা আক্রান্ত হওয়ার রাজ্যপাল কেন সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করছেন না, সেই প্রশ্নও তুলেছিলেন।
এজলাসের বাইরে বিচারপতির এমন মন্তব্য ঘিরে পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছিল তৃণমূল শিবির থেকে। বিচারপতি বিশেষ একটি পক্ষ নিয়ে মতামত জানাচ্ছেন বলেও মনে করছে শাসকদল। যদিও বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আদালতের বাইরে যে সব মন্তব্য করেছেন তাতে তদন্ত প্রভাবিত হবে বলে তিনি মনে করেন না।
সেই সঙ্গে বিচারপতি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, সমাজের বিবিধ বিষয় নিয়ে তিনি যেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তার থেকে বিরত হবেন না। এমন আবহে লক্ষ্মণরেখা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।