
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 July 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার ওই মামলাতেই বড় পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
এদিন ওই মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ওএমআর শিটের অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জানতে চান বিচারপতি। সিবিআইয়ের আইনজীবী জানান, "হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করার আগেই ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে। ফলে আমরা ডিজিটাইজ়ড তথ্য পেয়েছি। যা সহজেই পরিবর্তন করা যায়।"
এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, "মেটাডেটা কখনওই মুছে ফেলা সম্ভব নয়। হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকবেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে, তদন্ত ভুল পথে চলছে।"
এরপরই বিচারপতি বলেন, ওএমআর শিটের অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য সবার আগে সামনে আনতে হবে। এ ব্যাপারে সিবিআইকে আগামী শুক্রবার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে।
আদালতের নির্দেশে ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, ওএমআর শিটের নম্বর বদলে বহু অকৃতকার্য পরীক্ষার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছিল।
ওই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে আগেই জানানো হয়েছিল যে, ওএমআর শিটের হার্ডডিস্ক তাঁদের কাছে নেই। ডিজিটাইজ়ড তথ্য রয়েছে। এ ব্যাপারে সরকার এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল বলেও জানিয়েছিল পর্ষদ।