
শেষ আপডেট: 1 March 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো: গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য।
এর আগে গত বছর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসে মাস থেকে তা কার্যকর হয়েছিল। এই সময় ডিএ বেড়ে হয় ১০ শতাংশ। বাজেটের পর তা আরও ৪ শতাংশ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছিল ১৪ শতাংশ। আগামী মে মাস থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর করা হবে বলে আগেই জানানো হয়েছিল।
শুক্রবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে ১৪ শতাংশ। কেন্দ্র এবং রাজ্যের ডিএ-র ফারাক এই মুহূর্তে ৩২ শতাংশ।
রাজ্যে সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে। তাদের একটাই প্রশ্ন, কেন্দ্রীয় হারে তাঁরা কেন ডিএ পাবেন না?
এ ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক।
কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভেবেই ডিএ প্রদান করে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মে মাস থেকে তা হাতে পাবেন সরকারি কর্মচারীরা।