
আসফাকুল্লা নাইয়ার।
শেষ আপডেট: 16 January 2025 09:40
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ, জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ারকে শোকজ করল রাজ্য
মেডিক্যাল কাউন্সিল। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন আসফাকুল্লা। সম্প্রতি এই অভিযোগ উঠেছিল জুনিয়র চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে। এ বিষয়েই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জুনিয়র চিকিৎসক নাইয়ারকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ারকে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে। জানা যায়নি তাঁর প্রতিক্রিয়া। তবে এবিষয়ে আগেই নাইয়ার বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণালের অভিযোগ ছিল, পিজিটি হয়েও হুগলির সিঙ্গুরে নিজেকে ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছিলেন কুণাল। অবশেষে এ বিষয়ে পদক্ষেপও করল মেডিক্যাল কাউন্সিল।
তবে কুণালের আনা অভিযোগের সময় এ বিষয়ে নাইয়ার দাবি করেছিলেন, তিনি যেহেতু আরজি কর আন্দোলনের অন্যতম মুখ এবং আরজি করের বিচারের দাবিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন জারি রেখেছে তাই প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে।