
শেষ আপডেট: 5 December 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে এবার বিচারকের কাছে অভিযোগ জানালেন নিয়োগ মামলায় অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রেসিডেন্সি জেলে রয়েছেন মানিক।
মঙ্গলবার আদালতে হাজির করানো হয় মানিককে। বিচারকের কাছে তিনি অভিযোগ করেন, ইডি তাঁর ব্যক্তিগত জিনিস আটকে রেখেছে, ফেরৎ দিচ্ছে না।
আদালতে তোলা হলে বিচারকের উদ্দেশে মানিক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “স্যার আমার কিছু বলার আছে।” বিচারপতি জানতে চান, কী? জবাবে মানিক অভিযোগ করেন, “গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমাকে গ্রেফতার করে। তখন থেকেই কিছু ব্যক্তিগত জিনিস রেখে দিয়েছেন। ফেরৎ চাইলেও দিচ্ছেন না।”
এরপর বিচারপতি জানতে চান, আপনার কী জিনিস ইডি নিজেদের কাছে রেখে দিয়েছে? মানিক বলেন, “গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমাকে গ্রেফতার করেছিল। তখনই আমার সঙ্গে থাকা আংটি, পৈতে, মাদুলি ওরা নিয়ে নিয়েছিল। এখনও সেগুলো ফেরৎ দিচ্ছে না।”
মানিকের আরও অভিযোগ, এ ব্যাপারে ইডির কাছে বারবার অনুরোধ করা হয়েছে। মৌখিকভাবে দিয়ে দেব বললেও আজও আংটি, মাদুলি, পৈতে ফেরৎ পেলাম না।”
এরপরই বিচারক তাঁকে নির্দিষ্ট নিয়মে আবেদন করার কথা জানান। বিচারক বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানালে ইডিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।