
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 19 March 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ প্রক্রিয়া আটকাতে বিরোধীরা বারে বারে কোর্টে যাচ্ছে বলে আগেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এ বিষয়ে বিরোধীদের কড়া হুঁশিয়ারিও শোনালেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, "নিয়োগ আটকানোর খেলা খেলবেন না! মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য!" কটাক্ষের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, "প্রয়োজনে ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন!"
সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গেছে রাজ্য।
ওই মামলা শীঘ্রই মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যেই তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে কোর্ট একটা কথা বলেছে। সেটা ভালই বলেছে। আমি আশা করব, এটা মিটে যাবে। তারপরেই নিয়োগ হবে।" এরপরই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাগড়া না দেওয়ার জন্য বিরোধীদের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত ওবিসি বিতর্ক নিয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, "মনে রাখবেন জেনারেল কাস্টের কোটা কেটে আমি ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করিনি। এজন্য এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি।"
মুখ্যমন্ত্রী জানান, সংরক্ষণ নিয়ে আদালতে মামলার জেরে ২ থেকে ৩ লক্ষ চাকরি আটকে রয়েছে। তবে এজন্য চাকরি প্রার্থীদের আশাহত না হওয়ার পরামর্শও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার শীঘ্রই সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।