
শেষ আপডেট: 27 November 2023 16:12
দ্য ওয়াল ব্যুরো: এক বছরের ব্যবধানে ফের ডিসেম্বর ডেডলাইনের প্রসঙ্গ টানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হুঁশিয়ারি, "ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে।"
আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। ওই সমাবেশ সফল করতেই এদিন বীরভূমের রামপুরহাটে সভা করে বিজেপি। সেখানেই একথা বলেন বিরোধী দলনেতা।
ভয়ঙ্কর বলতে শুভেন্দু ঠিক কী বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি। তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর অভিযোগ, গরু, বালি, কয়লা, পাথর চুরি এখনও হচ্ছে। কেউ পার পাবেন না।
বছর ঘুরলেই লোকসভা ভোট। জেলা তৃণমূল নেতৃত্বর অভিযোগ, তার আগে ফের সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা বাড়তে পারে এরাজ্যে। ইঙ্গিতে শুভেন্দু সেটাই বোঝাতে চেয়েছেন।
এর আগে গত বছরেও ডিসেম্বর ডেডলাইন শুনিয়েছিলেন বিরোধী দলনেতা। গত নভেম্বরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা, অস্ত্র উদ্ধার হয়। ওই সময় কলকাতার একটি সভা থেকে শুভেন্দু ডিসেম্বরের তিনটি তারিখ উল্লেখ করেছিলেন। বিরোধী দলনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, "১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।"
শুভেন্দুর দেওয়া ওই তিনটি তারিখ নিয়ে সেই সময় রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছিল, শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইন। যদিও বাস্তবে ওই তিনটি দিনে বিশেষ কিছু ঘটেনি। ফের শুভেন্দু এদিন ডিসেম্বরের হুঁশিয়ারি দেওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মনেই উঁকি দিচ্ছে এক বছর আগেকার স্মৃতি।
অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এই মুহূর্তে তৃণমূলের বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কাজল শেখ। এদিন সরাসরি কাজলের নামোল্লেখ করে তাঁকেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, "আরও এক পাখি আছে, তার নাম কাজল শেখ।"