
শেষ আপডেট: 3 November 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে শুরু হচ্ছে সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত বৈঠক। হাওড়ায় অনুষ্ঠিত হতে চলা তিনদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সূত্রের খবর, লোকসভা ভোটের লক্ষ্যে এই বৈঠক থেকে দলগত কৌশল চূড়ান্ত করবেন আলিমুদ্দিনের নেতারা।
অন্যদিকে এদিনই কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’র নামছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কর্মসূচির সূচনা করবেন দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সমস্ত জেলা ছুঁয়ে ৭ জানুয়ারি ব্রিগেডে হবে সমাপ্তি সমাবেশ। লোকসভা ভোটের আগে তরুণ প্রজন্মকে আরও বেশি করে দলের ছত্রছায়ায় আনতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সিপিএমের যুব সংগঠনের ‘ইনসাফ যাত্রা’য় সন্ত্রাস, বেকারত্বের পাশাপাশি উঠে আসতে পারে সিঙ্গুর প্রসঙ্গও।
বছর ঘুরলেই লোকসভা ভোট। কেন্দ্রে মোদী সরকারকে ঠেকাতে ইতিমধ্যে গঠিত হয়েছে ইন্ডিয়া। জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূলের পাশাপাশি সিপিএমও।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অন্যবারের তুলনায় এবারের লোকসভা ভোটের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সর্বভারতীয়স্তরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে সিপিএম-তৃণমূল। রাজ্যে আবার পরস্পর বিরোধী অবস্থানে। এমন আবহে রাজ্যে দলের রাজনৈতিক অবস্থান কী হবে, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে ফের জোট গড়েই রাজ্যের নির্বাচনে লড়া হবে কি না, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তিনদিনের এই বৈঠকে। জোট হলেও শরীকদলগুলির সঙ্গে আসন সমঝতা কী হবে, তা নিয়েও আলোচনা হতে পারে তিনদিনের এই বৈঠকে।
সিপিএম সূত্রের খবর, দলের অবস্থান চূড়ান্ত হওয়ার পর এই নভেম্বর থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগে জোর দেওয়া হবে। ইতিমধ্যে যুব সংগঠনের তরফে শুক্রবার থেকেই শুরু হচ্ছে ইনসাফ যাত্রা।
সম্প্রতি সিঙ্গুর ইস্যুতে নজিরবিহীন নির্দেশ জানিয়েছে ট্রাইবুনাল। টাটাকে সুদ সহ মোট টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ মানতে হলে রাজ্যকে অতিরিক্ত ১৩০০ কোটি টাকা গুনাগার দিতে হবে। সিঙ্গুরে টাটার শিল্প হলে কত কর্মসংস্থান তৈরি হত এবং কেন রাজ্য থেকে টাটাকে চলে যেতে হল, ইনসাফ যাত্রায় এই প্রসঙ্গও তুলে ধরবেন মীনাক্ষী সহ সিপিএমের যুব নেতৃত্ব। এমনকী বঞ্চিত চাকরি প্রার্থী থেকে পরিযায়ী শ্রমিক, ইনসাফ যাত্রায় সকলকে সামিল করাতে চাইছেন তাঁরা।