
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 March 2025 09:36
দ্য ওয়াল ব্যুরো: হুমকি ফোন কাণ্ডে ন্যাজাট থানায় ব্যবসায়ী রবিন মণ্ডলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shajahan) স্ত্রী তসলিমা।
পুলিশ সূত্রের খবর, অভিযোগ পত্রে তসলিমা জানিয়েছেন, শাহজাহান জেলে যাওয়ার পর তাঁর মাছের ব্যবসা সামলাচ্ছিলেন রবিন। প্রায় ২৫ লক্ষ টাকা গরমিলের অভিযোগে সম্প্রতি তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই শাহজাহানের নামে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত ব্যবসায়ীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি!
স্থানীয় সূত্রে খবর, সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে যে বড় বাজার রয়েছে, সেটা ওই পরিবারের জমির ওপর তৈরি। ওই জমিই দখল করে বাজার তৈরির অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, শাহজাহান ঘনিষ্ঠ এক নেতা তাঁর কাছে আসেন। তারপর একটি ফোন ধরিয়ে বলেন, 'ভাই কথা বলবে।' ব্যবসায়ীর দাবি, ফোন ধরার পর ওপার থেকে 'শাহজাহান'-এর কন্ঠ শুনেছেন তিনি। হুমকি দেন সন্দেশখালির নেতা।
পুলিশের কাছে রবিন অভিযোগ করেন, ফোনের ওপার থেকে 'শাহজাহান' বলে, 'খুব বাড় বেড়েছিস। বাজার নিয়ে উৎপাত করছিস শুনলাম। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে উড়িয়ে দেব। পালানোর পথ পাবি না!' গোটা ঘটনার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন ওই ব্যবসায়ী। পাশাপাশি ন্যাজাট থানাকেও অভিযোগ দায়ের করেন। এরপরই পাল্টা অভিযোগে শাহজাহানের স্ত্রীর দাবি, "তাঁর স্বামী কাউকে হুমকি দেননি। পুরনো আক্রোশ মেটাতে মিথ্যে" অভিযোগ করছে রবিন।
শুধু রেশন দুর্নীতি নয়, শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন, জমিদখল, মাছের ভেড়ির লিজের টাকা না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। যদিও প্রথম থেকে নারী নির্যাতনের বিষয়টি সাজানো বলে দাবি করে আসছে তৃণমূল। বর্তমানে মূলত রেশন কাণ্ডেই জেলবন্দি শাহজাহান। আদৌ তিনি ফোন করেছেন কিনা, এ ব্যাপারে জেল কর্তৃপক্ষর প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।