
তাপস রায়।
শেষ আপডেট: 4 May 2024 08:31
দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাজারে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।
তাপসকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র। এখন থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান।
তাপসের পাশাপাশি বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষেও নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র। সূত্রের খবর, তাপস নিজে থেকে নিরাপত্তা চাননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে তাঁর নিরাপত্তা জরুরি বলে মনে করছিলেন বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব। তার ভিত্তিতেই এই ব্যবস্থা।
উত্তর কলকাতার চার দশকের রাজনীতিক তাপস রায়। সম্প্রতি গত মার্চ মাসে ভোটের মুখে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তৎকালীন তৃণমূল নেতা তাপস। বাড়িতে ইডি অভিযান এবং নেতৃত্বকে পাশে না পাওয়া নিয়ে সেসময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এরপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। দল তাঁকে উত্তর কলকাতায় প্রার্থীও করেছে।
সম্প্রতি বড়বাজার এবং মানিকতলায় তৃণমূলের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাপস রায়কে। এরপরই তাপসের নিরাপত্তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে আলোচনা শুরু হয়। অবশেষে পেলেন কেন্দ্রীয় সুরক্ষা। যদিও এ ব্যাপারে তাপসের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।