
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 6 September 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আরজি করে বিনা চিকিৎসায় এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের কর্মবিরতির জেরেই এভাবে তাঁর ছেলেকে বিনা চিকিৎসায় মারা যেত হল বলে আক্ষেপ প্রকাশ করেছেন মৃত তরুণের মা।
রাতে এ ব্যাপারে টুইট করে আন্দোলনকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে আন্দোলনকারীদের ন্যায় বিচারের দাবিকে সমর্থন জানিয়ে অভিষেক লিখেছেন, "যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত, সহানুভূতি ও মানবতার সাথে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার মাধ্যমে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।
A young boy from Konnagar lost his life today following a road accident, after BLEEDING FOR 3 HOURS WITHOUT RECEIVING MEDICAL ATTENTION, a consequence of the ongoing protest by doctors in response to the #RGKar incident. While the demands of the junior doctors are both fair and… pic.twitter.com/1wJBVhPP7y
— Abhishek Banerjee (@abhishekaitc) September 6, 2024
টুইটে অভিষেক এও লিখেছেন, জুনিয়র চিকিৎসকদের দাবি অত্যন্ত ন্যায্য। কিন্তু তা বলে আন্দোলনের ফলে চিকিৎসার অভাবে মানুষের মৃত্যুও তো অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য।
ঘটনার সূত্রপাত, এদিন কোন্ননগরে এক্সিডেন্ট হয় ২৮ বছরের এক যুবকের। দুই পায়ের উপর থেকে লরি চলে যায়। শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। কিন্তু আরজি করে নিয়ে আসার পরও পরিষেবা মেলেনি। অভিযোগ, সকাল ন'টা থেকে বেলা বারোটা পর্যন্ত পেশেন্ট পড়েছিল। তারপরও তাঁর কোনও চিকিৎসা হয়নি।
মৃত তরুণের মায়ের আক্ষেপ, "দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু কোনও ডাক্তার নেই, চিকিৎসা হচ্ছে না। টানা ৩ ঘণ্টা ছটকাতে ছটকাতে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল।"
এ ব্যাপারে 'পরিষেবা সচল রেখে আন্দোলন চালু রাখা'র জন্য সোশ্যাল মাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার নরমে গরমে বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। তবে এ ব্যাপারে আন্দোলনকারীদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।