
দিঘা যাওয়ার পথে ফের ভয়াবহ দুর্ঘটনার কবরে পর্যটকের গাড়ি।
শেষ আপডেট: 16 May 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: দিঘা যাওয়ার পথে ফের ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল চার পর্যটকের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ১১৬ বি দীঘা- নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার দইসাইতে।
দুর্ঘটনার তীব্রতায় পর্যটকের গাড়িটি রীতিমতো চিড়ে চ্যাপ্টা হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও চারটি দেহ পুলিশ বার করতে পারেনি। ওই অবস্থায় গাড়িটিকে থানায় নিয়ে গিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার হয়।
বৃহস্পতিবারই কাঁথি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো রয়েছে। তার আগে এই ঘটনার খবর পেয়ে টুইটে শোকপ্রকাশ করেছেন মমতা।
জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব - সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে…
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2024
প্রত্যক্ষদর্শী ঝড়েশ্বর বেরা জানান, এদিন সকালে পর্যটকের গাড়িটি দিঘার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকা চারচাকার ওই গাড়িটি আচমকাই রাস্তার বাম দিক থেকে ডান দিকে চলে যায়। ওই পথ ধরে তখন ফিরছিল কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস।
ঝড়েশ্বরের কথায়, "চোখের পলকে চারচাকার গাড়িটাকে বাসের সামনে ঢুকে যেতে দেখলাম! বীভৎস আওয়াজ।" চালক ঘুমিয়ে পড়েছিলেন বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। গাড়ির নম্বর অনুযায়ী নদিয়া থেকে এসেছিল গাড়িটি। তবে মৃত পর্যটকদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রায় প্রতিদিনই ১১৬ বি দীঘা- নন্দকুমার জাতীয় সড়কের দুর্ঘটনা লেগেই রয়েছে। পরিস্থিতির জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারকে দুষছেন স্থানীয়রা।
ঝড়েশ্বরের কথায়, "নামেই দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। অথচ বহু জায়গায় রাস্তা সঙ্কীর্ণ। দিঘা-তাজপুর-মন্দারমনিকে ঘিরে প্রতিদিনই পর্যটকদের ভিড় বাড়ছে। এই রাস্তা ওয়ান ওয়ে হওয়া খুবই জরুরি। কিন্তু তার জন্য তো জাতীয় সড়ক সম্প্রসারণ জরুরি। অথচ এ ব্যাপারে রাজ্য বা কেন্দ্র কোনও সরকারেরই হেলদোল নেই।"