
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 28 June 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: নিট কেলেঙ্কারির মধ্যেই এবার বিহার পুলিশের কনস্টেবল নিয়োগের প্রশ্নফাঁস কাণ্ডে বাংলা যোগের অভিযোগ উঠল। বিহারের প্রশ্নফাঁস কাণ্ডে পাটনা পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে তিনজনই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
পাটনা পুলিশ সূত্রের খবর, ধৃত কৌশিক কর, সুমন বিশ্বাস এবং সঞ্জয় দাস তিনজনেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মধ্যমগ্রামে কৌশিকের নিজস্ব প্রেস রয়েছে। সূত্রের খবর, ওই প্রেসেই ২০২৩ সালে বিহার পুলিশ কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ছাপানো হয়েছিল।
ধৃতদের সঙ্গে নিট কাণ্ডের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, গত অক্টোবরে নিট কেলেঙ্কারির কিং পিন সঞ্জীব মুখিয়া এ রাজ্যে এসে এক সপ্তাহ ছিলেন। সেক্ষেত্রে অভিযুক্তদের সঙ্গে সঞ্জীবের যোগাযোগ হয়ে থাকতে পারে বলেও মনে করছেন পাটনার পুলিশ কর্তারা।
ইতিমধ্যে নিটকাণ্ডে নাম উঠে এসেছে সলভার গ্যাং-এর। সেই গ্যাং-এর অন্যতম মাথা রবি অত্রিও এখন পুলিশের জালে। সব মিলিয়ে নিট ইস্যুতে বেড়েই চলেছে গ্রেফতারি।