মেক্সিকোর উপকূলে আবিষ্কৃত হল বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল। প্রায় ৯০০ ফুট গভীর এই রহস্যময় সাগরগহ্বর নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।

ব্লু হোল
শেষ আপডেট: 7 September 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের গভীরে লুকিয়ে আছে অজানা রহস্য। ২০১৬ সালে দক্ষিণ চিন সাগরে আবিষ্কৃত হয়েছিল বিশ্বের সবচেয়ে গভীর ব্লু হোল—ড্রাগন হোল। বিজ্ঞানীদের ধারণা, এর গভীরতা ৯৮০ ফুটেরও বেশি। সাত বছর পর ফের এক নতুন আবিষ্কার। এবার মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপকূলে মিলেছে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল। চেতুমাল উপসাগরের এই বিশাল গর্ত প্রায় ৯০০ ফুট গভীর এবং ১,৪৭,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।
আসলে ব্লু হোল হল সমুদ্রের নিচে তৈরি বিশাল সিঙ্কহোল বা গর্ত। এগুলি সাধারণত উপকূলীয় অঞ্চলে বা দ্বীপের কাছাকাছি পাওয়া যায়। স্বাভাবিক সমুদ্র-গভীরতার তুলনায় এগুলি অনেকটাই গভীর, যেখানে সূর্যের আলো পৌঁছয় না।
অদ্ভুত হলেও সত্যি, এই অন্ধকার গহ্বরে টিকে আছে প্রবাল, সামুদ্রিক কচ্ছপ, হাঙর সহ বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। সময়ের সঙ্গে সঙ্গে তারা এই বিশেষ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। উপরে থেকে তাকালেই চেনা যায় ব্লু হোলের অস্তিত্ব। আশপাশের তুলনায় অনেক বেশি গাঢ় নীল জলরং যেন চিহ্ন দিয়ে রাখে সমুদ্রের বুকের রহস্য।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সদ্য আবিষ্কৃত এই দ্বিতীয় বৃহত্তম ব্লু হোল নিয়ে গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তবে এর ভেতরে কী কী বিস্ময় লুকিয়ে আছে, তা জানার অপেক্ষায় রয়েছেন গবেষকরা।