
ফাইল চিত্র
শেষ আপডেট: 25 January 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: মিশরে এক বিরল দাগযুক্ত হায়েনা দেখা যাওয়ার ঘটনা চমক সৃষ্টি করেছে। প্রায় ৫,০০০ বছর পর এই প্রজাতির কোনও হায়েনাকে মিশরে দেখা গেল। তবে দুঃখজনকভাবে, স্থানীয়রা সেটিকে মেরে ফেলেছে। এই ঘটনা গবেষকদের হতবাক করেছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণীদের অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
২৪ জানুয়ারি, ২০২৫-এ দক্ষিণ-পূর্ব মিশরের ওয়াদি ইয়াহমিব এলাকায় দাগযুক্ত হায়েনাটি দেখা যায়। মিশর-সুদান সীমান্ত থেকে মাত্র ১৯ মাইল দূরে এই ঘটনাটি ঘটে। এটি সুদানে হায়েনাদের পরিচিত বসবাসস্থল থেকে ৩১০ মাইল উত্তরে। স্থানীয়দের অভিযোগ, হায়েনাটি দু'টি ছাগলকে মেরে ফেলেছে। এরপর স্থানীয়রা সেটিকে ঘিরে ধরে মেরে ফেলে। নাহলে তাঁদের আরও বেশি ক্ষতি করতে পারত সেই হায়না, এমনটাই দাবী সেখানকার মানুষের।
মিশরের আল আজহার ইউনিভার্সিটির পরিবেশবিদ আবদুল্লাহ নাগি বলেন, 'আমি হায়না ছবি না দেখলে কখনওই বিশ্বাস করতাম না। মিশরে এর দেখা পাওয়া একেবারেই অপ্রত্যাশিত।'
এই প্রজাতির হায়েনারা সাধারণত সাব-সাহারান আফ্রিকায় বাস করে। তারা দলবদ্ধ হয়ে শিকার করে এবং সাধারণত আফ্রিকার বিভিন্ন এলাকায় সীমাবদ্ধ থাকে। মিশরে এই প্রাণীর দেখা মিললে প্রশ্ন ওঠে— কীভাবে এটি এত দূর এল, সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া বিশেষ পরিস্থিতি এই ঘটনা ঘটিয়েছে। বিরল মৌসুমি পরিবর্তন এবং লোহিত সাগরের সক্রিয় খাদ এলাকাটি নতুন পথ খুলে দিয়েছে। পূর্বদিকের প্রবল হাওয়া, ভারী বৃষ্টি ও বন্যার কারণে এই অঞ্চলে সবুজ উদ্ভিদ বেড়েছে। এই উদ্ভিদের কারণে হায়েনারা পর্যাপ্ত খাদ্য পেয়েছে। ফলে এতটা দীর্ঘ পথ আসতে পেরেছে।
হায়েনারা দিনে প্রায় ১৭ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। গবেষকদের বিশ্বাস, এই পথ তাদের মিশর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এলবা সংরক্ষিত এলাকায় দেখা হায়েনাটি স্থানীয়দের ছাগলের ওপর হামলা চালানোর পরই ধরা পরে। গবেষকরা বলছেন, জলবায়ুর পরিবর্তন প্রাণীদের উপর কীভাবে প্রভাব ফেলছে, এটি তারই একটি প্রমাণ। একই সঙ্গে, স্থানীয় মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থানের গুরুত্ব আরও একবার স্পষ্ট হল।