
বিরল মেরুজ্যোতি লাদাখের আকাশে।
শেষ আপডেট: 13 May 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: রক্তিম আকাশ। ঝিলমিল করছে তারা। কখনও সবজে আবার কখনও গাঢ় লাল রঙ ধরছে আকাশে। লাদাখের আকাশজুড়ে বিরল মেরুজ্যোতি তাক লাগিয়ে দিচ্ছে। ভারত থেকে আগে এমন মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়নি। এই প্রথমবার লাদাখের আকাশের মেরুজ্যোতির ভিডিও দেখাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি।
লেহর প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হ্যানলে ডার্ক স্কাই রিজার্ভ থেকে সেই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। এক ঝলক দেখলে মনে হবে যেন স্বপ্নরাজ্য। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই সব ছবি এবং ভিডিও।
Intense aurorae were seen at latitudes as low as Ladakh this morning due to the strongest solar storm in 2 decades. And our cameras captured its glory!
— IIAstrophysics (@IIABengaluru) May 11, 2024
See the timelapse from all-sky camera at #Hanle #Ladakh #HDSR@IndiaDST @asipoec @dorje1974 @utladakhtourism @fiddlingstars pic.twitter.com/GRBPbL7npW
মহাজাগতিক মায়াবী আলো ছুঁয়ে গিয়েছে ভারতকেও। শুক্রবার রাত ১টা থেকে লাদাখেও দেখা গিয়েছে অরোরা বোরিয়ালিস! স্মরণাতীত কালের মধ্যে এই প্রথমবার।
বিজ্ঞানীরা বলছেন, ২০০৩ সালের পর তীব্রতম সৌরঝড় আছড়ে পড়েছে পৃথিবীতে। সৌর কেন্দ্র থেকে উৎপন্ন প্লাজমার অতি তীব্র চার্জড কণার স্রোত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে এসে আলোর ছটার মতো ছড়িয়ে পড়েছে। সৌর বিজ্ঞানীদের দাবি, ১১ বছর অন্তর সূর্যের অন্দরমহলে প্রলয় ঝড় ওঠে। ২০২৫ সাল সেই সময়। তার আগে দফায় দফায় ঝড় উঠছে সূর্যে। তীব্র সৌরবায়ু ছিটকে বেরিয়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ধাক্কা মারছে। এই ধাক্কা এতটাই তীব্র যে সৌরবায়ুতে থাকা তড়িদাহত কণাগুলো ধাক্কাধাক্কিতে উত্তেজিত হয়ে মেরুজ্যোতি তৈরি করছে।
পুরো সপ্তাহে গোটা কয়েক আরও তীব্র ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে। ফলে আরও কয়েক দিন ধরে দেখা যেতে পারে এমন অরোরা। সৌরঝড়ে থাকা কণার ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর তুলনায় ২৪০০-২৫০০ গুণ বেশি। তাতে থাকা আয়োনাইজড গ্যাস পৃথিবীর মেরু অঞ্চলের গ্যাসীয় অণুর সংস্পর্শে এসে আধান আদান প্রদানের মাধ্যমে অরোরা তৈরি করছে। নানা আলোর ছটা দেখা যাচ্ছে আকাশে। বিশেষ করে লাদাখের আকাশে লাল ও সবজে আলোর খেলা শুরু হয়েছে। রাতভর ভোল বদলাচ্ছে আকাশ।