
নতুন গ্রহর সন্ধান মিলল - প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 July 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: ব্রহ্মাণ্ড সম্পর্কে জানার কোনও ইতি নেই। যত জানা যায়, তার থেকেও বেশ জানতে ইচ্ছা করে। আর এই আগ্রহ থেকেই তো কত নতুন তথ্য সামনে আসে। বিজ্ঞানীরা খোঁজ পান নতুন কতকিছুর। ঠিক যেমন বৃহস্পতির মতো দেখতে এক নতুন গ্রহের সন্ধান মিলেছে।
সদ্য নয়, ২০০৫ সালে এই গ্রহের প্রথম সন্ধান পেয়েছিল বিজ্ঞানীরা। সেই সময়ে তার নাম দেওয়া হয়েছিল এইচডি ১৮৯৭৩৩ বি। সৌরজগতের বাইরে থাকা এই গ্রহকে আসলে বলা হয় এক্সপোপ্ল্যানেট।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতি গ্রহের সঙ্গে এই গ্রহর একাধিক সাদৃশ্য থাকলেও কিছুটা তফাতও রয়েছে। যেমন এই গ্রহে অনবরত এমন গন্ধ বেরোয় যা শুঁকলে মনে হবে অজস্র পচা ডিম ফাটানো হয়েছে। শুধু তাই নয়, মাঝে মাঝে সেখানে হয় কাচ বৃষ্টিও।
আকারে বৃহস্পতির থেকেও বেশ কিছুটা বড় এই নতুন গ্রহ। তবে দুটি গ্রহের মধ্যে সবথেকে বড় পার্থক্য হল তাপমাত্রায়। ১৮৯৭৩৩ বি-এর তাপমাত্রা ৯০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
এই কারণে এই গ্রহকে তারা 'গরম বৃহস্পতি' বলেও ডাকেন। আরও চমকপ্রদ তথ্য হল, এত গরম এই গ্রহে হাওয়ার গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় ৫০০০ মিটার!
এই গ্রহে এমন দুর্গন্ধ হওয়ার কারণ কী? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই গ্রহের বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড নামের বর্ণহীন গ্যাস রয়েছে। তার কারণেই এই বিকট গন্ধ।
সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ সাহায্যে এই গ্রহকে নিয়ে গবেষণা চালানো হয়েছিল। পৃথিবী থেকে অন্তত ৬৫ আলোকবর্ষ দূরে ভালপেকুলা নক্ষত্রপুঞ্জে এই গ্রহের অবস্থান।