দ্য ওয়াল ব্যুরো : লক্ষ্মীপুজোর আনন্দ মাটি হতে পারে ঝড়বৃষ্টির জেরে। আবহবিদরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি ও দুই ২৪ পরগনায়। সঙ্গে থাকবে দমকা হাওয়া। তার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
বছরের এই সময় ঝড়বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় তিতলি। তবে সেই ঝড় বাংলাকে রেহাই দিয়ে চলে গিয়েছিল ওড়িশা ও অন্ধ্রের শ্রীকাকুলাম জেলার দিকে।
সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে গড়ে পাঁচটি সাইক্লোন সৃষ্টি হয়। ফলে এবছর আরও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার যে বৃষ্টি হবে তা ঘূর্ণিঝড় নয়। উত্তর ২৪ পরগনার ওপরে সৃষ্টি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।