
শেষ আপডেট: 10 May 2018 14:54
যুবরাজ সিং ও তাঁর ছোট্ট ফ্যান রকি। অদ্ভুত মিল দুজনের মধ্যে। বছর সাতেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন যুবরাজ। আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ফের মাঠে ফিরেছেন। ১১ বছরের রকিও ক্যান্সারে আক্রান্ত। টুপির নীচে লুকিয়ে কেমোর যন্ত্রনা। কিন্তু মুখে হাসি।
দিনটা যে তার কাছে খুব আনন্দের। নিজের পছন্দের প্লেয়ারের সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে আবার নিয়ে এসেছেন একটা খুব সুন্দর ফুলের তোড়া। গুরুও কম যান না। নিজের ক্ষুদে ফ্যানকে জার্সি উপহার দিলেন। অনেকক্ষণ সময় কাটালেন রকির সঙ্গে।
রকির সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করলেন যুবি। কিংস ইলেভেন পাঞ্জাবের অফিসিয়াল ট্যুইটারে একথা উল্লেখ করা হয়েছে। দেওয়া হয়েছে যুবি আর রকির ছবিও। দলের তরফে রকির দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে। আপাতত নিজের প্রিয় খেলোয়ারের কাছে জীবনের লড়াইয়ে জেতার মন্ত্র নিয়েই হয়তো বাড়ি ফিরলো ছোট্ট রকি।
https://twitter.com/lionsdenkxip/status/994576284461215745