
গোলের উচ্ছ্বাস শাকিরির।
শেষ আপডেট: 20 June 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: বড় মহাতারকাদের যে রেকর্ড নেই, সেটাই গড়লেন সুইজারল্যান্ডের জের্দান শাকিরি। তাঁকে সুইজারল্যান্ডের সর্বকালের সেরা তারকা বলা হয়। তিনি খেলা মানেই সুইসদের কাছে এক বিস্ময়।
একটা সময় জার্মান বুন্দেশলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মতো ক্লাবে খেলতেন তিনি। বর্তমানে খেলছেন আমেরিকার মেজর সকার লিগে (এমএলএস)। কিন্তু খেলার ধার এতটুকু কমেনি এই সুইস তারকার।
শাকিরির করা একমাত্র গোলেই স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোর শেষ ষোলোতে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন সুইসরা। এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে এটি ছিল জাতীয় দলের হয়ে শাকিরির ৩২তম গোল। প্রথম এমএলএস ফুটবলার হিসেবে ইউরোতে গোল করার অনন্য নজির স্থাপন করেন তিনি।
এর থেকেও বড় কীর্তি গড়েছেন শাকিরি। এমএলএসে শিকাগো ফায়ারের হয়ে খেলা এই ফুটবলার তিনটি ইউরোতে এবং তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান।
২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে গোল করেন শাকিরি। তাছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপেও গোল করেছেন শাকিরি। একমাত্র ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়ে বেশ খুশি সুইস মহাতারকা।