
কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা
শেষ আপডেট: 29 January 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো : জীবনে আর কোনও আক্ষেপ নেই। এমন কথাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। বছর দুয়েক আগে তিনি আচমকাই ভারতীয় ক্রিকেটের বিতর্কিত চরিত্র হয়ে উঠেছিলেন। কিন্তু, আপাতত যাবতীয় ঝড় থেমে গিয়েছে। আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামবেন। প্রতিপক্ষ পঞ্জাব।
তবে এই ম্য়াচ খেলতে নামার আগে স্পোর্টস্টার-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে ঋদ্ধি জানিয়েছেন, 'আমি নিজের অবসর জীবন এবার শান্তিতে কাটাতে চাই। আমার যাবতীয় সময় নিজের পরিবারকে দিতে চাই।'
ঋদ্ধির কথায়, ক্রিকেট খেলার তাগিদে তিনি এতদিন নিজের পরিবারকে ঠিক করে সময় দিতে পারেননি। এবার ৪০ বছর বয়সি এই বাংলার ক্রিকেটার স্ত্রী রোমি এবং দুই সন্তানের (আনভি এবং অনভয়) সঙ্গে বাড়িতে সময় কাটাতে চান। এর পাশাপাশি নিজের অ্যাকাডেমিতে খুদে ক্রিকেটারদের গড়ে তোলার লক্ষ্যে আরও বেশি করে মনোনিবেশ করতে চান। তাঁর কথায়, কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে নাকি কোচিং করানোর প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি মনে করেন যে এই পদের জন্য এখনও নিজেকে প্রস্তুত করতে পারেননি।
ঋদ্ধিমান সাহা বললেন, 'গোটা ক্রিকেট কেরিয়ারে আমি একটাই জিনিস শিখেছি। কোনও দায়িত্ব গ্রহণ করার আগে, সেই দায়িত্বের ব্যাপারে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা দরকার। প্রস্তুতির পাশাপাশি মানসিকতাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দুটো একসঙ্গে থাকলে, তাহলেই দায়িত্ব গ্রহণ করা উচিত।'
ব্যাপারটা আরও খানিকটা খোলসা করলেন তিনি। বললেন, 'একটা দলের কোচিং দায়িত্ব পালন করার জন্য় আমি এখনও পর্যন্ত মানসিকভাবে প্রস্তুত নই। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স সহকারী কোচ হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর ঠিক এই কারণেই আমি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম। এটা আমার জীবনে অবশ্যই একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, এই প্রস্তাব আমি হেলায় হাতছাড়া করি। তবে কোচিং দায়িত্ব গ্রহণ করার জন্য আমি এখনও নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারিনি।'