
সৌরভের বাড়িতে সস্ত্রীক ঋদ্ধিমান।
শেষ আপডেট: 27 May 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: রাগে, অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। আবারও ফিরলেন দু’বছরের মাথায়। সোমবার বৃষ্টিস্নাত দিনে সৌরভের বেহালার বাড়িতে গিয়ে দেখা করেন সস্ত্রীক ঋদ্ধি। সেইসময় ছিলেন সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাসও।
সিএবি-র এক কর্তার কথায় অভিমান করে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী সৌরভের সঙ্গেও ব্যবধান তৈরি হয়েছিল একটি ঘটনাকে কেন্দ্র করে। ত্রিপুরার হয়ে রঞ্জি খেলে এবার সফল হয়েছেন ঋদ্ধি। তবে বাংলার এই নামী ক্রিকেটার আইপিএলে সফল নন, তিনি টানা ব্যর্থ হয়েছেন।
সৌরভের সঙ্গে দেখা করে বাংলায় ফিরে আসার কথা জানান এই উইকেটরক্ষক ব্যাটার। কী ভূমিকায় বাংলা ক্রিকেটে দেখা যাবে, সেটি অবশ্য বলেননি। তবে তিনি ত্রিপুরা থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিয়ে নিয়েছেন, সেটি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বাংলায় ফিরে আসার কথা জানিয়েছিলেন। সেইসময় তিনি কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন ঋদ্ধি। শিলিগুড়ির পাপালি (ঋদ্ধির ডাকনাম) ছাড়াও বাংলার আরও এক ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়ও এবার বাংলায় ফিরে এসেছেন।