
শেষ আপডেট: 13 November 2023 19:01
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। ১০টি দলের মধ্যে চারটি দল সেমিফাইনালে উঠেছে। আর এই চার দলের মধ্যে এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে সবচেয়ে সফল দল ভারত। টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে রোহিত শর্মারা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতের ভূমিকা, যথেষ্ট প্রশংসাও পাচ্ছে। কিন্তু সেমিফাইনালের আগে সেই 'সফল' অধিনায়ককেই দলে রাখলেন না নির্বাচকরা! তাঁর জায়গায় অধিনায়ক করা হল বিরাট কোহলিকে।
অবাক করার মতো বিষয় হলেও এমনই ঘটনা ঘটেছে। সেমিফাইনাল শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমিতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই যুদ্ধ শুরু হওয়ার আগে, অস্ট্রেলিয়া ক্রিকেট বেছে নিল এবারের বিশ্বকাপে সেরা একাদশ। ওই দেশের ক্রিকেট সংস্থার একদল নির্বাচক একটি দল তৈরি করেছেন। সেই দলে জায়গা পেলেন না রোহিত।
কেমন হয়েছে সেই দল?
চলতি বিশ্বকাপে সেরা ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি'কক। নতুন দলে তাঁকেই ওপেনার হিসেবে বাছা হয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে তাঁর রান ৫৯১। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। উইকেটের পিছনে তাঁর ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা।
ডি'ককের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনিও ভাল ফর্মে আছেন। বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন একের পর এক ম্যাচে। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচীন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলেছেন তিনি।
চার নম্বরের জন্য ভাবা হয়েছে বিরাট কোহলিকে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ৫৯৪ রান করে ফেলেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে আছেন বিরাট। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের প্রাক্তন অধিনায়ককেই সেরা দলের অধিনায়ক করেছে।
পাঁচ নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার এডেন মার্করামকে। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত মিডল অর্ডারে তিনি ভরসা জোগাচ্ছেন। ছয় নম্বরের জন্য ভাবা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। পায়ে চোট নিয়েও আফগানিস্তান ম্যাচে তিনি যেভাবে খেললেন তা যথেষ্ট প্রশংসনীয়।
সাত নম্বরে আরও এক অলরাউন্ডারের কথা ভেবেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে সেরা একাদশে সাত নম্বরে রেখেছেন তাঁরা। আট নম্বরে আরও এক ভারতীয় অলরাউন্ডার থাকছেন। তিনি হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটে বলে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সঙ্গে তাঁর দুরন্ত ফিল্ডিং ক্ষমতাও অন্যান্যদের থেকে তাঁকে এগিয়ে দিয়েছে নির্বাচকদের কাছে।
এবার আসা যাক বোলারদের কথায়। সেখানে জায়গা পেয়েছেন দুই ভারতীয় পেসার। মহম্মদ শামি ও জশপ্রীত বুমরা থাকছেন সেরা একাদশ দলে। আর থাকছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। দ্বাদশ ব্যক্তি হিসেবে এই দলে রাখা হয়েছে শ্রীলঙ্কার পেসার দিলশান মধুশঙ্কাকে।