
ভ্যান ডাইক
শেষ আপডেট: 16 April 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: লিভারপুলের (Liverpool) অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk) ইঙ্গিত দিয়েছেন, এই মরসুম ক্লাবের জন্য একটি "বড় গ্রীষ্ম" (Big Summer) হবে, কারণ তাঁরা কোচ আর্নে স্লটের (Arne Slot) অধীনে একটি অত্যন্ত সফল মরসুমের চেষ্টায় আছেন।
রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে ঘরের মাঠে ভ্যান ডাইক শেষ মুহূর্তের জয়সূচক গোলটি করেন। এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে। স্লটের দলের এখন ক্লাবের ২০তম লিগ খেতাব নিশ্চিত করার জন্য প্রয়োজন সর্বোচ্চ ছয় পয়েন্ট, হাতে রয়েছে ছ’টি ম্যাচ। খেতাব জয়ের বিষয়ে ভ্যান ডাইক যথেষ্ট আত্মবিশ্বাসী। পাশাপাশি তিনি মনে করছেন, লিভারপুলের মনোভাব দেখে তাঁর মনে হচ্ছে, এই গ্রীষ্মে দলকে আরও শক্তিশালী করার জন্য ট্রান্সফার বাজারে ডুব দিতে ইচ্ছুক অল রেডস।
ডাইক বলেন, "আমি মনে করি লিভারপুলের আগামী বছরগুলিতেও খেতাব জেতার ক্ষেত্রে বাকি দলগুলিক চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।" লিভারপুলের এই ডাচ তারকা বলেন, "খেলোয়াড়দের বাইরে যাওয়া বা মাঠে নামার ক্ষেত্রে যাই ঘটুক না কেন, আমার মনে হয় এটি একটি দুর্দান্ত গ্রীষ্ম হওয়া উচিত। আমার মনে হয় ক্লাব কর্তৃপক্ষ একটি দুর্দান্ত গ্রীষ্ম করার পরিকল্পনা করছে, তাই লিভারপুলের সঙ্গে সংযুক্ত থেকে ও একজন ভক্ত হিসাবে আমাদের সকলকে বোর্ডের উপর আস্থা রাখতে হবে।"
চলতি মরসুম শেষেই লিভারপুলের সঙ্গে ভ্যান ডাইকের চুক্তি বাতিল হতে চলেছে। তবে বিভিন্ন সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ডাইক অ্যানফিল্ডে দুই বছরের মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার সতীর্থ মোহাম্মদ সালাহ ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।
ভ্যান ডাইককে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি মনে করি এখন সমস্ত মনোযোগ ইপিএলের পরবর্তী ম্যাচগুলির দিকে থাকা উচিত। এখনও লেস্টারের বিরুদ্ধে ম্যাচ বাকি। সেই ম্যাচের দিকেও মনোযোগ থাকবে।"
লিভারপুল সম্পর্কে তিনি বলেন, "আমি ২০১৭ সালে ক্লাবে যোগ দিয়েছিলাম অনেক কারণে। গোটা বিশ্ব-জুড়ে লিভারপুলের অসংখ্য সমর্থক রয়েছেন। এই ক্লাবের সাফল্য, সংস্কৃতি, লিভারপুলের সবকিছুই আমার জীবনের অংশ। এই কারণেই আমি যখন সেই জার্সি পরে থাকি, বাইরে বের হই এবং ফুটবল খেলোয়াড় হিসাবে নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করি, তখন আমি সবসময় গর্বিত হই।"