
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 13 April 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ট্রেডমার্ক লাল-নীল জার্সিতে নামতে দেখা গেল না বিরাট কোহলিদের। বদলে সবুজ আর নীলের মিশেলে দ্বিতীয় জার্সি পরেছে আরসিবি টিম।
এর কারণ কী? ম্যাচের আগে এবং টসের সময় প্রশ্ন রাখা হয় অধিনায়ক রজত পাটিদারের কাছে। তিনি বলেন, ‘আমরা আজ সবুজ জার্সি পরেছি আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দিতে৷’ ম্যাচের গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে তিনি জুড়ে দেন, ‘আজকের লড়াই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবুজায়ন নিয়ে বার্তা দিতে চেয়েছি। তাই সবুজ জার্সি গায়ে নামাটা এই ম্যাচকে আরও স্পেশাল করে তুলেছে। আপাতত একটা করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। সবাই আত্মবিশ্বাসী হলে আমরা বড় কিছু অর্জন করতেই পারি। ভাল খেলাটাই আসল লক্ষ্য। কোথায় খেলা হল, তাই নিয়ে আপাতত ভাবছি না।’
প্রসঙ্গত, আরসিবির সবুজরঙা জার্সি বিখ্যাত ব্র্যান্ড ‘পুমা’-র বানানো৷ বিশেষ ফেব্রিকের নাম ‘রেফেব্রিক’। যাতে রয়েছে ৯৫% রিসাইকলড পলিয়েস্টার। এই পলিয়েস্টার আবার টেক্সটাইল ও প্লাস্টিক বর্জ্য থেকে বানানো। গুণগত মানের সঙ্গে আপোষ না করেও যাতে এই কিট রিসাইকল করা যায়—সেই লক্ষ্যেই জার্সিগুলি তৈরি হয়েছে।
শুধু খেলোয়াড় নন৷ সমর্থক, যাঁরা অরিজিনাল কিট কিনবেন, তাঁদেরও একই রিসাইকলড জার্সিই পাবেন। এমনকী চাইলে পরের মরশুমে পুরনো জার্সি ফেরত দিয়ে নতুন জার্সিও নিতে পারেন তাঁরা৷ এই স্কিম আরসিবির ‘রিটার্ন, রিসাইকল, রিপিট’ কর্মসূচির অন্তর্গত বলে ক্লাবের সিওও রাজেশ মেননের তরফে জানানো হয়েছে৷
উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই টুর্নামেন্টের একমাত্র ‘কার্বন-নিউট্রাল ফ্র্যাঞ্চাইজি’। যারা খেলোয়াড়দের যাতায়াত থেকে শুরু করে হোটেলে থাকা, স্টেডিয়াম তদারকি থেকে শুরু করে সমর্থকদের সঙ্গে যোগাযোগরক্ষা—সবকিছু পরিবেশ-বান্ধব উপায়ে করে থাকে৷ এর জন্য নিয়মিত কার্বন নির্গমন মাপা হয়৷ পরিবেশ ও ক্রিকেটকে ক্রমশ একই ছাতার তলায় নিয়ে আসছে আরসিবি৷