
শেষ আপডেট: 11 May 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদ ম্যাচের পরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুলকে ধমকাচ্ছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা, এই ছবি সকলের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। এই নিয়ে ভারতীয় ক্রিকেটে চরম বিতণ্ডা চলছে।
বলা হচ্ছে, কী করে দেশের এক নামী তারকাকে একটা ম্যাচ হেরে যাওয়ার দোষারোপে তাঁকে এমনভাবে ভর্ৎসনা করতে পারেন দলের মালিক। এই ঘটনায় কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীরও সরাসরি কিছু না বললেও তিনিও যে বিষয়টি সমর্থন করছেন না, তাও সাফ হয়ে গিয়েছে।
গম্ভীর গতবার লখনউ দলেরই মালিক ছিলেন। তিনি জানেন সঞ্জীব গোয়েঙ্কার আচরণ সম্পর্কে। সেই বিতর্ককে বাইপাস করে রাহুলদের দলের প্রাক্তন মেন্টর বলেছেন, ‘‘আমার মতে শাহরুখ খানই সেরা মালিক। যিনি শুধু ভদ্র ও নম্রই নন, তিনি দলের সকল সদস্যকে মানসিকভাবে তরতাজা করতে জানেন। তিনি দল নিয়ে কোনওদিন নাক গলান না। এমনকী আমার সঙ্গে কথা হলে ক্রিকেটের কোনও বিষয়ই আসে না।’’
গম্ভীর আরও বলেছেন, ‘‘একটা সম্পর্ক সজীব থাকে বিশ্বাস ও ভরসার ওপর। আমার সঙ্গে শাহরুখের মধ্যে সেটি রয়েছে। শাহরুখ জানেন আমি দল নিয়ে যা সিদ্ধান্ত নিই না কেন, সেটিতে দলের খারাপ হবে না। আমার ওপর অগাধ আস্থা রয়েছে। তাই এই পরিবার আমার কাছে এতটাই মধুর।’’
কলকাতার শিল্পপতি তথা লখনউ ফ্রাঞ্চাইজির মালিক গোয়েঙ্কা নিয়ে কোনও মন্তব্য না করলেও তিনি যে কিং খানকে পূর্ণ সমর্থন করেন, সেটি বুঝিয়ে দিয়েছেন। কেকেআর মালিক হিসেবে যে শাহরুখ বেশ সফল, সেটিও বলেছেন শ্রেয়সদের দলের আসল হেডস্যার।