
জি কমলিনী
শেষ আপডেট: 15 December 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলামে তামিলনাড়ুর ১৬ বছরের অলরাউন্ডারকে ১.৬ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ভারতের অলরাউন্ডার জি কমলিনী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছে সে। কমলিনীর বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা। সেখান থেকে দর হেঁকে ১.৬ কোটি টাকায় তাকে দলে নিয়েছে মুম্বই।
মাত্র ১৬ বছর বয়সী কমলিনী ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা। সাম্প্রতি তাঁর পারফরম্যান্স দেশব্যাপী সমাদর পেয়েছে। তামিলনাড়ুর এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আট ম্যাচে তাঁর রান ছিল ৩১১। তার বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট মহলে বিশেষ পরিচিতি পায়। বাঁ-হাতি এই ব্যাটার টুর্নামেন্টে ১০টি ছয় মেরেছিল। সে সময় তার ব্যতিক্রমী শক্তির তারিফ করেন অনেকেই।
কমলিনী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত 'বি' দলের হয়ে ৭৯ রান করে। এর আগে, কুয়ালালামপুরের বেইউমাস ক্রিকেট ওভালে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে মাত্র ২৯ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এদিনের নিলামে নিজেদের দলের হয়ে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। নভেম্বরের প্রথম সপ্তাহেই উইমেন্স প্রিমিয়র লিগের রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে বিরাট কোনও চমক ছিল না। অধিকাংশ দলই তাদের বেশিরভাগ প্লেয়ারদের ধরে রেখেছিল। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাও তাঁদের ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন।
নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে সিমরান শাইকের। গুজরাত জায়ান্টস তাঁকে কিনেছে ১.৯ কোটি টাকায়। গুজরাত দিয়ান্দ্রা ডটিনকে কিনেছে ১.৭ কোটি টাকা টাকায়। কিন্তু 'আনসোল্ড' থেকে গিয়েছেন তারকা অলরাউন্ডার স্নেহ রানা।