
শেষ আপডেট: 4 June 2018 09:23
শোভন চক্রবর্তী
এই তো দু’মাস আগে। মার্চ মাসের ১ তারিখ। শাহিদ আফ্রিদির জন্মদিনে শুভেচ্ছা জানানোয় লখনউয়ের তরুণীকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়েছিল ফেসবুকের একদল ‘দেশপ্রেমী।’ জাতীয়তাবোধের জিগির তুলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে পাকিস্তানের দালাল আখ্যা দেওয়া হয়েছিল। মেয়েটির ছবি ছড়িয়ে লিখে দেওয়া হয়েছিল, ‘লুটলো ইসকো।’ দু’দিন পর ভেঙে পড়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ফেসবুকে নিজের কথা লিখেছিলেন তিনি। বলেছিলেন, শুধু আফ্রিদি নয়, তাঁর প্রিয় স্পোর্টস হিরোদের তালিকাটা অনেক লম্বা। জন্মদিনে শুভেচ্ছা জানান শচীন, বিরাট, মেসি থেকে নাদাল, সাইনা নেহওয়ালদেরও। আজ বোধহয় হাসছেন সেই তরুণী। আফ্রিদিকে শুভেচ্ছা জানানোয় যাঁদের জাতীয়তাবোধে আঘাত লেগেছিল তাঁরা আজ কোথায়? উঠছে প্রশ্ন। বিশ্বকাপের বাজার তাততে শুরু করেছে। নিজের প্রিয় দল ব্রাজিল হোক বা আর্জেন্টিনা, জার্মানি হোক বা স্পেন অনেকেই তাঁদের ফেসবুকীয় ডিপি রাঙাতে শুরু করে দিয়েছেন প্রিয় জার্সির রঙে। কোথাও আবার নিজের ছবির পাশেই স্থান পাচ্ছেন মেসি, নেইমার, মুলারদের ছবি। কিন্তু কোথায় ভারতের পতাকা? কোথায় সুনীল ছেত্রীর ছবি?
বিশ্বকাপ নয়। ভারতীয় ফুটবল দল এখন ইন্টার কন্টিনেন্টাল কাপে ব্যস্ত। প্রথম ম্যাচেই চাইনিজ তাইপে কে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। উপরি দেশের হয়ে সুনীলের হ্যাট্রিক। কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন ‘ক্রিকেটে আমরা যতটা ভারতীয় অন্য খেলায় নই।’
বিরল সাফল্যের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় ফুটবল। ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরে যায় কিরঘিজস্থানের কাছে। তারপর আবার চাইনিজ তাইপের বিরুদ্ধে ঝড়ের বেগে জয়। তাই এ বার সুনীলদের জন্য মাঠ ভরানোর আবেদন জানালেন ক্রিকেট ঈশ্বর। শচীন টুইট করে আবেদন জানালেন ‘মাঠে আসুন। ভরা গ্যালারিই খেলোয়াড়দের উজ্জীবিত করার টনিক।’ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও একই আবেদন করেছেন। মুম্বইয়ে সোমবার রাতে কেনিয়ার বিরুদ্ধে নামছেন সুনীল, জেজে, উদান্তারা। আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু প্রশ্ন উঠছে জাতীয়তাবাদ বা দেশপ্রেম কি শুধুই একটি খেলার মধ্যে আটকে থাকবে? দেশের জার্সি গায়ে গোলের সংখ্যায় পৃথিবীর তৃতীয় (এখন পর্যন্ত) হওয়ার পরও সুনীলের কপালে জুটবেনা কিছুই?
https://twitter.com/sachin_rt/status/1003290787176595456