
শেষ আপডেট: 28 December 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে টানা তিনটি ম্যাচ হেরে হ্যাটট্রিক হয়েছে মোহনবাগানের। প্রথমে মুম্বই সিটি এফসি, তারপর এফসি গোয়া, গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে বিপদে সবুজ মেরুন শিবির।
বাগানের খেলা দেখে মনেও হচ্ছে না, তারা এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবে। আগ্নেয়গিরির মধ্যে বসে রয়েছেন মোহন কোচ জুয়ান ফেরান্দো। তাঁকে ম্যাচ শেষে সমর্থকরা রীতিমতো ঘিরে ধরে ক্ষোভ জানিয়েছেন। কেউ কেউ গো ব্যাক আওয়াজও দিতে থাকেন। এমনকী মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ তাঁকে রাখা হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।
মিডিয়ার কাছে এসে হারের হ্যাটট্রিকের কারণ হিসেবে স্প্যানিশ কোচ বলেছেন, ‘সত্যিই আমরা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই সময় বেশিদিন থাকবে না। ঠিক আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব।’
মোহন কোচের আরও ব্যাখ্যা, চোট আঘাতই আমাদের দলকে পিছিয়ে দিয়েছে। একটা সময় সাত ম্যাচ পর্যন্ত দল অপরাজেয় ছিল। তারপর কী এমন হল যে গত তিনটি ম্যাচে হারলাম? এই নিয়ে কোচ জানিয়েছেন, গত সাতদিনে আমরা চারটি ম্যাচে খেলেছি। ওই ম্যাচগুলিতে কোনও না কোনও কারণে চোট পেয়েছে দলের ছেলেরা। সেটাই পার্থক্য হয়ে গিয়েছে।
দলের ফিজিও নিয়েও কথা উঠছে। কী কারণে দলের ফুটবলাররা ঘনঘন চোট পাচ্ছেন, সেই নিয়ে কর্তারাও দু’একদিনের মধ্যে বসবেন দলের ফিজিও, ট্রেনার ও চিকিৎসকের সঙ্গে। সেখানে কোচও থাকার কথা।
বুধবার রাতে যুবভারতীতে কেরলের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান প্রথমার্ধে ভাল খেলতেই পারেননি। পুরো অর্ধে দাপট দেখিয়েছে কেরল দল। সেই নিয়ে দিমিত্রি, কামিন্সদের কোচ বলেছেন, ‘গত ম্যাচে আমরা চার গোল খেয়ে এই ম্যাচে নেমেছিলাম। ছেলেরা সেই কারণে একটু ভয়ে ছিল, তার প্রভাব পড়েছিল ম্যাচে। বিরতির পরে আমরা খেলায় ফিরি। ১৫ মিনিটের মধ্যে চারটি গোলের সুযোগও এসেছিল। সেগুলিকে কাজে লাগাতে পারলে আমাদের অনুকূলে ম্যাচ যেতে পারত।’ তবে দ্রুত এই কঠিন সময় থেকে দল বেরিয়ে আসবে, সেই নিয়ে সমর্থকদের আশ্বাস দিয়েছেন সবুজ মেরুন নৌকার প্রধান সারথী।