
শেষ আপডেট: 6 November 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে অভিনব আউট হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ শিরোনামে এলেন। শ্রীলঙ্কার এই সিনিয়র ক্রিকেটার সোমবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটি বল না খেলেও টাইম আউটের শিকার হয়েছেন।
এই আউটের নিয়ম কী? ক্রিকেটে যে সংস্থার শীর্ষ আধিকারিকরা আইন প্রনয়ণ করেন, সেই এমসিসি-র নিয়মে রয়েছে, কোনও আন্তর্জাতিক ম্যাচে তিন মিনিটের মধ্যে কোনও ব্যাটার যদি ক্রিজে না আসেন, তা হলে বিপক্ষ দল ওই ব্যাটারের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান এই কাজটাই করেছেন। তাঁর আবেদনের ভিত্তিতে এদিন এই আউটের শিকার হয়েছেন ম্যাথুজ। তাঁর হেলমেটের বেল্ট নিয়ে সমস্যা ছিল। সেটি বারবার খুলে যাচ্ছিল। সেই নিয়ে আগে থেকে আম্পায়ারকে কিছু না জানিয়ে দেরি করে ব্যাটিং করতে আসেন। তিনি ক্রিজে আসতেই শাকিব টাইম আউটের আবেদন জানান।
শাকিব নিয়ম মেনেই এই আবেদন করেছিলেন। বিশ্বকাপে আইসিসি-র প্লেয়িং কন্ডিশনে রয়েছে, তিন মিনিট নয়, দু’মিনিটের মধ্যে যে কোনও ব্যাটারকে ক্রিজে এসে ব্যাটিং করতে হবে। সেক্ষেত্রে ম্যাথুজ বহু সময় পরে আসেন।
এর আগে শচীন তেন্ডুলকার একবার অনেক দেরি করে ক্রিজে আসেন ব্যাটিং করতে। ২০০৬-০৭ মরশুমে নিউল্যান্ডস টেস্টে শচীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইম আউটের শিকার হতেই পারতেন। কিন্তু প্রোটিয়া অধিনায়ক শচীনের বিরুদ্ধে ওই আউটের আবেদন না করায় সেবার বেঁচে গিয়েছিলেন মাস্টার। শচীন বাঁচলেও, ম্যাথুজ বাঁচতে পারলেন না।