
অভিষেক ও রাহানে
শেষ আপডেট: 21 April 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: একটি আইপিএল টিমের—কোচও নয়, সহকারী কোচ ফিরে আসছেন, তাই নিয়ে শেষ কবে সমর্থকদের উন্মাদনা আর সংবাদমাধ্যমে লাগাতার চর্চা দেখেছেন?
সওয়াল উঠলে জবাব মিলবে না নিশ্চিত। পালটা প্রশ্ন উঠবে: এমন দৃশ্য কি আদৌ দেখা গিয়েছে কখনও? আইপিএল দূর অস্ত, আন্তর্জাতিক ক্রিকেটও কি সহকারী কোচ এভাবে নায়ক, পরিত্রাতার মর্যাদা পেয়েছেন কোনওদিন?
অভিষেক নায়ারকে নিয়ে নাইট শিবিরে গত কয়েক দিন যাবৎ যা চলছে, তাকে আক্ষরিক অর্থেই ‘অ-ভূতপূর্ব’ বলা চলে। একদিকে দলের ফর্ম। তাতে কখনও জোয়ার। কখনও ভাটা। এই চেন্নাইয়ে গিয়ে ধোনিদের হারিয়ে আসছে। তো পরদিনই পাঞ্জাবের বিরুদ্ধে নিশ্চিত জেতা ম্যাচ হেরে ফিরছেন অজিঙ্ক রাহানেরা। আর এই টানাপোড়েনে ভেসে উঠছে গত মরশুমের স্মৃতি! টুর্নামেন্ট সেরা হয়েছিল কেকেআর। অধিনায়ক শ্রেয়স তুলে ধরেছিলেন ট্রফি। নেপথ্যে থেকে দলকে পরিচালনা করেছিলেন গৌতম গম্ভীর।
তাঁদের দুজনেই কেকেআর ছেড়েছেন। গম্ভীর এখন টিম ইন্ডিয়ার কোচ। শ্রেয়সকে চড়া দামে (প্রায় সাতাশ কোটি টাকায়) কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু সমর্থকদের মতে, আরও একজন কলকাতার সাফল্যের কারিগর ছিলেন, যিনি পর্দার আড়াল থেকে টিমকে ঐক্যসূত্রে গেঁথেছিলেন। তিনি অভিষেক নায়ার।
গম্ভীর আপাতত টিম ইন্ডিয়ার মসনদে আসীন। দায়িত্ব ছাড়ার সম্ভাবনা কিংবা দায়িত্ব ছাড়ানোর কালো মেঘ—কোনওটাই সেভাবে ঘনিয়ে ওঠেনি। কিন্তু দিনকয়েকের নাটকীয় পালাবদলে দলত্যাগে বাধ্য হয়েছেন অভিষেক। চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যের রেশ মিটতে না মিটতে ফের চাগাড় দিয়ে উঠেছে বর্ডার-গাভাসকার ট্রফির ব্যর্থতা। পোস্টমর্টেমে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে গৌতম গম্ভীরের সহকারীদের। যার জেরে চাকরি গিয়েছে টি দিলীপ, সোহম দেশাই সহ অভিষেক নায়ারেরও। স্টাফ টিমকে আরও নির্মেদ ও বাহুল্যবর্জিত করতেই এই পদক্ষেপ বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
এই আবহে কলকাতা শিবিরে যোগ দেন নায়ার। পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই যে তিনি ফিরতে চলেছেন, ইসস্টাগ্রামে ফেলে আসা দিনের ছবি শেয়ার তার একটা আভাষ দিয়েছিলেন দলের স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর সংকেত সত্যি প্রমাণ করে আপাতত ট্রেনিংয়ে নেমে পড়েছেন অভিষেক। তার একটা ক্লিপিংও শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে মাঠে নামতে দেখা যায় অভিষেক নায়ারকে। ক্যামেরাপার্সন অভ্যর্থনা জানান ‘ওয়েলকাম ব্যাক’ বলে। প্রত্যুত্তরে অভিষেক বলেন, ‘ধন্যবাদ। সত্যি ভাল লাগছে আবার ফিরতে পেরে।‘
এরপর মাঠে নেমেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের সঙ্গে শলাপরামর্শে নেমে পড়েন নবাগত সহকারী কোচ। প্রথম লড়াই গুজরাত টাইনটানসের বিরুদ্ধে। সেখানে কি পুরনো জাদু দেখাতে পারবেন অভিষেক নায়ার? নাইট অনুরাগীদের চোখ আপাতত সেদিকে।