
মোহনবাগান অনুশীলন
শেষ আপডেট: 18 April 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতি বলছে বৈশাখ এসে গিয়েছে। কিন্তু গঙ্গা পাড়ের ক্লাব থেকে এখনও বসন্ত বিদায় নেয়নি। গঙ্গার হাওয়া আর মনোরাম পরিবেশে মোহনবাগান (Mohonbagan SG) এখন মোহময়। এখনও লিগ-শিল্ড ও আইএসএল খেতাব চেটেপুটে উপভোগ করছে মেরিনার্স। এদিকে সুপার কাপ (Super Cup) আসন্ন। বাগানের ক্যাবিনেটে এই একটি ট্রফির-ই অভাব রয়েছে।
সুপার কাপকে সামনে রেখে লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের জন্য অনুশীলন শুরু করেছে মোহনবাগান এসজি। তবে এটা নিশ্চিত যে, সুপার কাপে সেরা দল নামাবে না মেরিনার্স। কোচের হটসিটেও সম্ভবত দেখা যাবে না হেডস্যার হোসে মোলিনাকে। সহকারী কোচ বাস্তব রায়ের (Bastob Roy) অধীনে মূলত জুনিয়র দল নিয়েই নামবে তারা। অনুশীলনেও দেখা গেল সেই চিত্র। সুপার কাপকে সামনে রেখে রিজার্ভ বেঞ্চকে (Reserve Bench) দেখে নিতে চাইছে মোহনবাগান।
প্রথম দিনের অনুশীলনে সিনিয়রদের মধ্যে ছিলেন সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, ধীরাজ সিং, অভিষেক সূর্যবংশী। বাস্তবের অধীনে তাঁদের সঙ্গেই অনুশীলন করলেন সুহেল ভাটরা।
গোটা মরশুমে দলের তরুণ ফুটবলাররা সেভাবে ম্যাচটাইম পাননি, সেদিকেও নজর রয়েছে কোচের। তাই সুপার কাপে তরুণদের খেলাতে চাইছে ম্যানেজমেন্ট, যাতে পরের মরশুমের আগে রিজার্ভ বেঞ্চকে তৈরি করে নেওয়া যায়।
উল্লেখ্য, শেষ ষোলোর প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগান সুপার জায়ান্টস ইতিমধ্যেই কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে হয়তো সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। আর ভূবনেশ্বরে কলকাতা ডার্বি নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।