দ্য ওয়াল ব্যুরো: নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমস্যা থেকে পরিত্রান থেকে পাওয়ার পরে ইস্টবেঙ্গল কর্তারা স্বস্তিতে। তাঁদের বক্তব্য, পুরনো চুক্তিতেই তাঁরা সই করেছেন। তাই ক্লাব হস্তান্তরের কোনও বিষয় নেই। ওটাই আমরা চেয়েছিলাম, তার জন্যই এত লড়াই। নবান্ন থেকে বেরিয়ে বলেছেন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।
লাল হলুদ সমর্থকদের প্রধান চিন্তা, এই অল্প সময়ের মধ্যে কিভাবে দলগঠন সম্ভব হবে, সেই নিয়ে নানা ভাবনা মাথায় আসছে। যদিও লাল হলুদ কর্তাদের পক্ষে বিরোধী গোষ্ঠীর কর্তা সদানন্দ মুখোপাধ্যায় প্রেসকে জানিয়েছেন, আমাদের দল তৈরিই রয়েছে। ইনভেস্টর শ্রী সিমেন্ট আধিকারিকরা চাইলে তাঁদের আমরা সবদিক থেকে সহায়তা করব। তবে দলগঠনের বিষয়ে ওরাই ভূমিকা নেবেন জানিয়েছেন। ওই নামী কর্তার কথায়, ‘‘আমাদের অজিতদা-র (বন্দ্যোপাধ্যায়) কাছে ফুটবলারদের একটি তালিকা রয়েছে, শ্রী সিমেন্ট কর্তারা চাইলে আমরা দিয়ে দেব।’’
শুধু তাই নয়, লাল হলুদ কর্তারা এর মধ্যে কাদের দলে নেবেন, সেটির একটি তালিকা তৈরি করে রেখেছেন। তাই আগামী একসপ্তাহের মধ্যে দলগঠন হয়ে যাবে, তাঁরা নিশ্চিত। যদিও কোচ হিসেবে কাকে নেওয়া হবে, সেই নিয়ে ভাবনা রয়েছে। কারণ গত মরসুমের কোচ রবি ফাউলার দেশে ফিরে গিয়ে স্বদেশের একটি ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন।
বিদেশীদের মধ্যেও ব্রাইট, মাঘোমা, পিলকিনটন, স্টেইনম্যানরা আগেই দল ছেড়েছেন। গোলরক্ষক দেবজিৎ মজুমদারও নেই। তাই কাদের নিয়ে দল গড়া হবে, কিছুদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।