দ্য ওয়াল ব্যুরো: হিন্দুদের মাঝে রিজওয়ান নমাজ পড়ে ঠিক করেছে, এটা দারুণ এক সন্তোষজনক মুহূর্ত, তৃপ্তিরও।
ওয়াকার ইউনিসের (Waqar Younis) এই মন্তব্যের পরে আলোড়ন পড়ে গিয়েছে। সর্বস্তরে পাকিস্তানের নামী প্রাক্তন তারকা নিন্দিত হয়েছেন। তিনি একজন ক্রীড়াবিদ হয়ে কিভাবে ধর্মকে টেনে এমন মন্তব্য করতে পারেন, সেই নিয়ে নানা বিষোদগার শোনা গিয়েছে।
হর্ষ ভোগলের মতো দেশের নামী ক্রিকেট বিশেষজ্ঞ বলেছেন, ‘‘ওয়াকারের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার বলছেন, হিন্দুদের মাঝে রিজওয়ানের নমাজ পড়ার মুহূর্ত তাঁর কাছে অত্যন্ত স্পেশ্যাল! এর থেকে হতাশাজনক মন্তব্য আমি আগে শুনিনি। আমরা সবাই এই ধরনের মন্তব্য এড়িয়ে গিয়ে খেলা নিয়েই বেশি আলোচনা করে থাকি। কিন্তু ওয়াকার কিভাবে ধর্ম নিয়ে নিজের এহেন মানসিকতা দেখিয়েছেন, সেই প্রবণতা কারওর জন্যই ভাল নয়।’’
সোশ্যাল সাইটে তিনি নিন্দিত হওয়ার পরে ওয়াকার ক্ষমাও চেয়ে নিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘‘আমি মুহূর্তের ভুলে এমন মন্তব্য করে ফেলেছি। কারোর ভাবাবেগে আঘাত করতে চাইনি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। জাতি-ধর্ম-বর্ণ সবকিছুর উর্ধ্বে গিয়ে খেলার জগৎ সবাইকে একসূতোয় বাঁধে। সেখানে এমন মন্তব্য শোভনীয় নয়।’’
ভারতের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে পাক দলের ওপেনার মহম্মদ রিজওয়ান মাঠেই নমাজ পড়েছেন। যে ঘটনায় ওয়াকার ওই মন্তব্য করে বসেন। তিনি এও বলেন, হিন্দুদের মধ্যে রিজওয়ানের নমাজ পড়ার ঘটনা আমার দারুণ লেগেছে।