
শেষ আপডেট: 23 March 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি মাঠে থাকলে চেন্নাই সুপার কিংসের বাকি তারকারা আড়ালে চলে যান। সেটি আরও একবার প্রমাণ হয়েছে। শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচে ধোনিই যে দলের আসল রাজা, সেটি বোঝা গিয়েছে।
চেন্নাই দর্শকরা ওই ম্যাচে দলের নতুন অধিনায়ক হিসেবে আপন করে নিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াডকে। তাঁর অধিনায়কত্বে ভাল লেগেছে সুনীল গাভাসকারদের। কিন্তু টিভি ক্যামেরাম্যানকে বারবার দেখা গিয়েছে, ম্যাচে কোথাও কিছু হলে দেখাচ্ছিলেন ধোনিকেই, মনে হয়েছে তিনি যেন এখনও অধিনায়ক। ধারাভাষ্য দিতে গিয়ে এই নিয়ে বিরক্তিপ্রকাশ করেন বীরেন্দ্র সেওয়াগ।
বীরু বলে ওঠেন একটা সময়, ‘‘আরে ভাই, তুমি তো সারাক্ষণ ধোনির মুখই দেখিয়ে চলেছ! ধোনির মুখ আর কত দেখব, একবার তো দলের আসল ক্যাপ্টেন ঋতুরাজের মুখটা দেখাও!’’ এই কথা বীরু রসিকতা মিশিয়ে বিরক্তি দেখিয়েছেন, সেটি বুঝতে কারও অসুবিধে হয়নি।
ঋতুরাজ অবশ্য ম্যাচ শেষে বলেছেন, মাহি ভাই আমাকে বরাবরের মতো এদিনও সমান গাইড করেছে। কোথাও অসুবিধে হলে এগিয়ে এসে পরামর্শ দিয়েছে। কখনও মনে হয়নি, আমি একা হয়ে গিয়েছি। যাবতীয় সিদ্ধান্ত আমাকেই নিতে হবে।