দ্য ওয়াল ব্যুরো: ইডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের প্রথম দিনই বাংলাদেশকে দুরমুশ করল ভারত। প্রথমে বল হাতে জ্বলে উঠলেন ভারতের পেস ত্রয়ী ইশান্ত, শামি ও উমেশ। তারপর ব্যাট হাতে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। প্রথম দিনেই বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত।
দিন রাতের টেস্ট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়াল তাঁদের জন্য। আগুনে বোলিং করলেন ভারতের তিন পেসার। মাত্র ২২ ওভারেই ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ভারতের প্রথম বোলার হিসেবে গোলাপি বলের টেস্টে পাঁচ উইকেট নিলেন ইশান্ত। উমেশ তিনটি ও শামি দুটি উইকেট নেন। তাঁদের সামনে দাঁড়াতে পারেননি কোনও ব্যাটসম্যানই।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে ভারতও। ওপেনার জুটি আগরওয়াল ও রোহিত শুরুতেই আউট হলে যান। তারপর পার্টনারশিপ গড়েন পূজারা ও বিরাট। ভারতের রানকে একশোর গণ্ডি পার করান এই দুই ব্যাটসম্যান। হাফসেঞ্চুরি করার পর ৫৫ রান করে আউট হন পূজারা। তারপর কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়েন ডেপুটি রাহাণে।
ইডেনের মাটিতে অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রান পূর্ণ করেন বিরাট। হাফসেঞ্চুরি করেন তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৭৪ রান ভারতের। কোহলি ৫৯ ও রাহাণে ২৩ করে ব্যাট করছেন।
প্রথম দিনেই বাংলাদেশের থেকে ৬৮ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিন এই টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে নামবেন কোহলিরা।