
শেষ আপডেট: 7 November 2023 11:19
দ্য ওয়াল ব্যুরো: সাধারণের সঙ্গে মিশে গেলেন বিরাট কোহলি। রবিবার ইডেনে জন্মদিনে দুরন্ত সেঞ্চুরি, পাশাপাশি সেদিন ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি করে শচীনকে স্পর্শ করেছেন।
কোহলি এই মুহূর্তে জাতীয় আবেগে পরিণত হয়েছেন। তিনি নয়া প্রজন্মের কাছে নিউ সেনসেশন। সেই মানুষটি যখন বিমানের ইকোনমিক ক্লাসে ভ্রমণ করেন, তাতে তাজ্জব হতে হয় বইকি।
কলকাতা থেকে সোমবার ইন্ডিগো বিমানে কোহলি বেঙ্গালুরু গিয়েছেন ইকোনমিক ক্লাসের আসনে বসে। বিমানের একেবারে প্রথম আসনে তিনি বসেছিলেন। অনেকে বুঝতেও পারেননি তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সেরা আইকন।
সাধারণ যাত্রীদের অনেকেই আবার চিনতে পেরে কোহলির ছবি তোলেন। এমনকী ভিডিও করতে দেখা যায়। কোনও এক যাত্রীর ওই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
কোহলি এই ঘটনায় বড় দৃষ্টান্ত দেখালেন। তিনি প্রমাণ করলেন বিখ্যাত হয়ে যাওয়ার পরেও মাটিতে পা রেখে চলা যায়।
যে মানুষটি কোটি কোটি টাকার মালিক, তিনি একটা স্মরণীয় ম্যাচের পরে এইভাবে সাধারণের সঙ্গে ভ্রমণ করবেন, কেউ ভাবতে পারেননি। বাকি দল বিজনেস ক্লাসেই গার্ডেন সিটি পৌঁছে গেছে।
আগামী রবিবার সেখানেই ভারত গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডস এর বিরুদ্ধে খেলবে। তার আগে অনেক ক্রিকেটার দুদিনের জন্য বাড়িতে গেলেও কোহলি ফোকাস ঠিক রাখার জন্য শিবির ছাড়েননি।
রবিবার ইডেনে নজির গড়ার পরে কোহলি হোটেলে ফিরে দলের সব ক্রিকেটারদের সঙ্গে কেক কেটে উৎসব উদযাপন করেছেন। রাতে উৎসব সেরে ভোরেই কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন।